জাতীয় পরিচয়পত্র বিতরণ নিয়ে বিড়ম্বনা
জাতীয় পরিচয়পত্র বিতরণ করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন নির্বাচনী কর্মকর্তারা। অনেক পরিচয়পত্র ঢাকা থেকে না আসায় এই বিড়ম্বনার কারণ। পরিচয়পত্র না পেয়ে সাধারণ লোকজন নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়ছেন।
জানা গেছে, ২০১২ সালে ভোটার হালনাগাদ করার পর দীর্ঘদিন ধরে পরিচয়পত্রগুলো ছাপা হয়নি। সম্প্রতি এসব পরিচয়পত্র ঢাকা থেকে পাঠানো হয়। পরিচয়পত্রগুলো মাঠপর্যায়ে বিতরণও শুরু হয়। কিন্তু বিতরণ করতে গিয়ে দেখা গেছে একই বাড়ির একজনের এসেছে অপরজনের আসেনি।
মাঠপর্যায়ে বিতরণ শেষে অবশিষ্ট পরিচয়পত্র স্ব-স্ব থানা নির্বাচন কার্যালয়ে রাখা হয়েছে। সেখান থেকে এখন প্রতিদিন পরিচয়পত্র সংগ্রহ করছেন সাধারণ মানুষ। কিন্তু সেখানে গিয়ে অনেককে ফেরত আসতে হচ্ছে।
কোতোয়ালি থানা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত দুই দিনে তারা এ রকম অন্তত ২৫ জনকে ফেরত দিয়েছে। যাঁদের পরিচয়পত্র ঢাকা থেকে ছাপা হয়ে আসেনি। তেমনি একজন মো. নঈম। পরিচয়পত্র না পেয়ে অনেকে কর্মকর্তাদের সঙ্গে বাগিবতণ্ডায় লিপ্ত হন বলে অভিযোগ রয়েছে।
কোতোয়ালি থানা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, ‘কিছু কিছু পরিচয়পত্র ঢাকা থেকে আসেনি। একই ঘরের একজনের এসেছে হয়তো অন্যজনের আসেনি। যাঁদের আসেনি তাঁদেরগুলো ছাপানোর জন্য আমরা পুনরায় ঢাকায় বলছি। কিন্তু সাধারণ মানুষকে বিষয়টা বোঝানো যাচ্ছে না।’
পরিচয়পত্র না পেয়ে ফেরদৌস আক্তার নামে একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পরিচয়পত্রের জন্য ছবি তুলেছি দুই বছর হয়ে গেছে। অনেকবার এসে খোঁজ নিয়েছি। তারা বলেছে আসবে আসবে। এখন সবার এসেছে আমাদের আসেনি।’
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, একবার ভোটার হয়েও আবার ভোটার হওয়ার জন্য আবেদন করায় কিছু পরিচয়পত্র আসেনি। দ্বৈত ভোটার হওয়ার কোনো সুযোগ না থাকায় এটি হয়েছে। তবে অন্যদের পরিচয়পত্র ভুলে আসেনি। অনেকের পরিচয়পত্র এখনো ছাপাই হয়নি।
আবার অনেকের দুটি করে পরিচয়পত্র এসেছে। যেমন পূর্ব নাসিরাবাদের কাজী মরিয়ম আক্তারের দুটি পরিচয়পত্র এসেছে। একইভাবে প্রবর্তক পল্লি আবাসিক এলাকার সালমা সুলতানারও দুটি পরিচয়পত্র ছাপা হয়ে এসেছে।
এ বিষয়ে পাঁচলাইশ থানা নির্বাচন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘দু-একটি পরিচয়পত্র ডাবল এসেছে। এর মধ্যে আমরা একটি দিচ্ছি। অন্যটি রেখে দিচ্ছি। তবে অনেকের পরিচয়পত্র আসেনি। তাঁদের বোঝানোটা কষ্টকর হয়ে পড়েছে। এটা যে ঢাকা থেকেই আসেনি তা তাঁরা বুঝতে চাচ্ছেন না। এটা আমাদের জন্য নতুন বিড়ম্বনা হলো। এখন তাঁদেরগুলো আবার ঢাকায় পাঠানো হচ্ছে।’