জাতীয় পরিচয়পত্র বিতরণে বড় সমস্যা বাসা বদল
ঢাকার দুই সিটিতে ভোটার তালিকায় নতুন নিবন্ধিত ব্যক্তিদের প্রায় ৮৬ শতাংশের কাছে জাতীয় পরিচয়পত্র পৌঁছানো সম্ভব হয়েছে। তবে জাতীয় পরিচয়পত্র বিতরণের ক্ষেত্রে নিবন্ধিত ব্যক্তিদের বাসা বদল একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে।
অন্যদিকে নতুন নিবন্ধিত ভোটারদের অনেকেই ব্যস্ততার কারণে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারছেন না। সঠিক তথ্যের অভাবে অনেকে জাতীয় পরিচয়পত্র নেওয়ার স্লিপ হাতে নিয়ে নির্বাচন কমিশন, ইসলামিক ফাউন্ডেশন এবং আগারগাঁওয়ের ঢাকা জেলা ও থানা অফিসেও ঘুরছেন।
ঢাকা জেলার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম প্রথম আলোকে বলেন, দুই সিটিতে নতুন ভোটার হিসেবে নিবন্ধিত ব্যক্তিদের প্রায় ৮৬ শতাংশের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা সম্ভব হয়েছে। তবে করপোরেশন এলাকায় পরিচয়পত্র বিতরণের ক্ষেত্রে নিবন্ধিত ব্যক্তিদের বাসা বদল একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরিচয়পত্র নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পরিচয়পত্র বিতরণকারী হিসেবে নিয়োগ পাওয়া শিক্ষকেরা ফিরে আসছেন। বাসা বদল করার কারণে তাঁদের ঠিকানা পাওয়া যাচ্ছে না।
বাসা বদলকারী নিবন্ধনকারীদের উদ্দেশে শাহ আলম বলেন, তাঁদের নিজেদেরই এ বিষয়ে উদ্যোগ নিয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে তিনি যে এলাকায় ভোটার হওয়ার জন্য নিবন্ধন করেছিলেন, সেখানে যোগাযোগ করতে পারেন। সেখানেও না পাওয়া গেলে জেলা, থানা, উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে।
শাহ আলম জানান, জাতীয় পরিচয়পত্র বিতরণের ক্ষেত্রে গ্রামীণ এলাকায় বাসা বদলের সমস্যা না থাকায় সেখানে বিতরণের হার ভালো। অনেকে নিবন্ধনের জন্য ছবি তুলে পরে বিদেশে চলে গেছেন, এ ধরনের ভোটারের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে বলে জেলা অফিস সূত্রে জানা গেছে।
২০১৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁদের হিসাব ধরে প্রাক্কলিত ৭০ লাখ ভোটারের নিবন্ধন পরিকল্পনা নিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম হাতে নেওয়া হয়। ২০১২ সালের ১০ মার্চ থেকে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু হয়, ১৫ ডিসেম্বর এ কার্যক্রম শেষ হয়। চলতি বছরের ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
এই হালনাগাদের পরও বাদ পড়া নাগরিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী হালনাগাদের কার্যক্রম শুরুর আগে বিদ্যমান ভোটারের সংখ্যা ছিল আট কোটি ৫৮ লাখ ৫৩ হাজার ৪০০ জন। ১০ নভেম্বর পর্যন্ত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ১৯ লাখ ৫২ হাজার ১৪৭ জন।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার জন্য নিবন্ধন করা যাবে। এবার নতুন ভোটার নিবন্ধনকারীদের তালিকায় তরুণদের উপস্থিতি বেশি। এ ছাড়া প্রবাসে থাকার কারণে যাঁরা নিবন্ধন করতে পারেননি, তাঁরা এবং বয়স্করাও আছেন এ তালিকায়।
ভোগান্তি: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল আহমেদ ও মিনহাজুর রহমান রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে তাঁদের জাতীয় পরিচয়পত্রটি খুঁজছিলেন। তাঁরা জানান, ইসলামিক ফাউন্ডেশনের সপ্তম তলায় ভোটার তালিকা নিবন্ধনের প্রকল্প অফিস থেকে কমিশন সচিবালয়ে আসতে বলা হয়েছে। তবে কমিশন থেকে তাঁদের আগারগাঁওয়ের জেলা অফিসে যোগাযোগ করতে বলা হয়। পরে জেলা অফিস থেকে যে এলাকায় ভোটার হওয়ার জন্য ছবি তুলেছেন, সেখানকার একটি স্কুলের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।