জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের সুযোগ পাচ্ছে মোবাইল অপারেটরগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো গ্রাহকের জাতীয় পরিচয়পত্র ঠিক আছে কি না, তা যাচাই করতে জাতীয় পরিচয়পত্রের সার্ভার ব্যবহারের সুযোগ পাচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ তথ্য জানিয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসি সূত্র জানায়, সম্প্রতি মোবাইল অপারেটরদের জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের সুযোগ দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে জানায় মন্ত্রণালয় ও বিটিআরসি। পরে নির্বাচন কমিশন অপারেটরদের কমিশনের সার্ভার ব্যবহারের অনুমতি দেয়। 

বিভিন্ন পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, নতুন সংযোগ নেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের কপি দেওয়ার বাধ্যবাধকতা না থাকায় অনেকে সংযোগ নেওয়ার ক্ষেত্রে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করছেন। মোবাইল অপারেটরদের কাছে এটি যাচাই করার ব্যবস্থা না থাকায় তারাও ভুয়া পরিচয়পত্র যাচাই করতে পারছিল না। এ ছাড়া প্রতিদিন বিভিন্ন মোবাইল অপারেটর ব্যবহার করে অবৈধ কলের সংখ্যাও বাড়ছে। এসব সমস্যা এড়াতে অপারেটররা অনেক দিন ধরে পরিচয়পত্র যাচাই করার সুবিধা চেয়ে বিটিআরসির কাছে আবেদন জানিয়ে আসছিল।

এ প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান সুনিল কান্তি বোস জানান, বাংলাদেশে দৈনিক গড়ে বিদেশ থেকে সাড়ে চার কোটি মিনিট বৈধ কল আসছে। অবৈধ কলের সংখ্যা কমানো গেলে বৈধ কলের সংখ্যা দৈনিক আট কোটি মিনিটে উন্নীত করা সম্ভব। তিনি বলেন, ‘এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির সুযোগ থাকবে না। অপরাধ কমে আসবে। অপরাধীদের শনাক্ত করতে সুবিধা হবে।’

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন বলেন, বিটিআরসির নিয়ম অনুসারে দেশের কোনো মুঠোফোন নম্বরে ২৪ ঘণ্টায় ২০০ মিনিটের বেশি মিনিট কল হলে তা অবৈধ ভিওআইপির ব্যবহার সন্দেহে বন্ধ করা হয়। কিন্তু অবৈধ ব্যবহারকারীরা এখন চালাকি করে ওই নির্দিষ্ট মিনিট থেকে কম কল করে যাচ্ছে। সঠিক পরিচয়পত্রের অভাবে অবৈধ ব্যবহারকারীদের শনাক্ত করা কঠিন হচ্ছে। সে ক্ষেত্রে গ্রাহকের পরিচয়পত্র যাচাই করার সুযোগ থাকলে বিভিন্ন ধরনের অপরাধ কমে আসবে ও ইচ্ছা করলেই তাঁদের শনাক্ত করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

সংযোগ দেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র যাচাই করার সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করছেন মুঠোফোন অপারেটরদের সংগঠন এমটবের মহাসচিব নুরুল কবীর। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে ভুয়া পরিচয়পত্র শনাক্ত করা যাবে ও গ্রাহকের সঠিক তথ্য সংরক্ষণ করা যাবে।