জাতীয় পরিচয়পত্রে বয়স ৭১, কর্মস্থলে ৪১
বাগেরহাটে এক ব্যক্তির বিরুদ্ধে বয়স লুকিয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী হিসেবে চাকরি করার অভিযোগ উঠেছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর বয়স এখন ৭১ বছর। তবে কর্মস্থলের নথিপত্রে বয়স এখন ৪১ বছর।
ওই ব্যক্তির নাম গাজী আবদুল জলিল। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কচুড়িয়া আদর্শ জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী। তিনি কচুড়িয়া গ্রামের মৃত ছহির উদ্দিন গাজীর ছেলে এবং ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
জাতীয় পরিচয়পত্রে আবদুল জলিলের জন্ম ১৫ জানুয়ারি ১৯৪৫ সালে। তবে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির (মাসিক বেতনের সরকারি অংশ) তালিকায় তাঁর জন্মতারিখ ১৫ মার্চ ১৯৭৫ সাল। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ওই মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তালিকা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, আবদুল জলিল একজন অভাবী মুক্তিযোদ্ধা। তা ছাড়া, তিনি অভাব–অনটনে থেকেও ১৯৯৬ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার সময় ২৯ শতক জমি দান করেছিলেন। একান্ত মানবিক কারণে তৎকালীন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তক্রমে তখন থেকে তিনি বিদ্যালয়ে চাকরি করে আসছেন। চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট বয়সসীমা না থাকায় তাঁর বয়স নিয়ে ভাবা হয়নি।
মুক্তিযোদ্ধা আবদুল জলিল এ বিষয়ে বলেন, ‘আমি গরিব ও স্বল্পশিক্ষিত। বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আমি জমি দিয়েছি। দৌড়ঝাঁপ করেছি। ২০ বছর ধরে বিদ্যালয়ে শ্রম দিয়ে আসছি। এমপিওভুক্তির সময় স্যাররা কাগজ করে পাঠিয়েছেন। এত কিছু আমি জানতে বা বুঝতে পারিনি।’ তিনি আরও বলেন, ‘অনেক বছর নামমাত্র বেতনে কাজ করেছি। এখন সময় বদলেছে। এলাকায় শত্রুমিত্র আছে। আমার এই পদটিও এখন অনেকের কাছে মহামূল্যবান হয়ে উঠেছে।’
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলী সরদার প্রথম আলোকে বলেন, ‘প্রায় ১৬ বছর আগে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। সে সময় যেকোনোভাবে বিদ্যালয়ের কাগজপত্রে গাজী আবদুল জলিলের বয়স কম দেখানো হয়ে গেছে। বিষয়টি সংশোধন করে নেওয়া যেত। কিন্তু আবদুল জলিল এবং বিদ্যালয় কর্তৃপক্ষ কেউই গুরুত্ব না দেওয়ায় ত্রুটিটি রয়ে গেছে। তাই আজ এই প্রশ্ন সামনে এসেছে।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (অ্যাডহক) বর্তমান সভাপতি ও চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। ব্যবস্থাপনা কমিটির পরবর্তী সভায় আমি বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব।’