জাতীয় পরিচয়পত্রের জন্য ঢাকায় দৌড়ঝাঁপ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার বাসিন্দা রাজেশ চৌধুরীর পরিচয়পত্রে তাঁর বাবার নাম ভুল উঠেছে। এ কারণে তাঁকে ভিসা-সংক্রান্ত জটিলতা পোহাতে হচ্ছে। সমস্যা সমাধানে জেলা নির্বাচন কার্যালয়ে যাওয়ার পর সেখান থেকে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, এই ভুল সংশোধন করতে হলে তাঁকে ঢাকায় যেতে হবে। একইভাবে হালিশহর এলাকার আজিজুর রহমান চৌধুরী ও তাঁর স্ত্রীর পরিচয়পত্রের একটিতে ঠিকানা ভুল এবং একটিতে নাম ভুল ছাপা হয়েছে। নির্বাচন কার্যালয় তাঁদেরও ঢাকার প্রধান কার্যালয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। এভাবে প্রতিদিন চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে লোকজন নির্বাচন কমিশন কার্যালয়ে ধরনা দিচ্ছেন। জরুরি প্রয়োজনে কেউ ভুল সংশোধন, কেউ-বা ঠিকানা পরিবর্তন আবার কেউ নতুন জাতীয় পরিচয়পত্র ও ভোটার কার্ড করার জন্য এসে ফেরত যাচ্ছেন। নির্বাচন কর্মকর্তাদের এক কথা, ‘আমাদের করার কিছুই নেই। এসব হবে ঢাকায়।’ ঢাকায় আবেদন করে কার্ড হাতে পেতে এক মাসেরও বেশি সময়ের ধাক্কা। জরুরি প্রয়োজনে ঢাকা থেকে নতুন জাতীয় পরিচয়পত্র করাতে গিয়ে কিংবা সংশোধন করতে ভোগান্তির মধ্যে পড়ছেন সাধারণ মানুষ। এ জন্য সময়ক্ষেপণ ছাড়াও টাকাপয়সা খরচ করতে হয় বলে অভিযোগ রয়েছে। সমীর মজুমদার নামে চৌমুহনীর এক বাসিন্দা বলেন, ‘আমার পরিচয়পত্র হারিয়ে যাওয়ার পর নতুন করে ঢাকা থেকে তা তুলতে দেড় হাজার টাকা খরচ হয়েছে।’বিষয়টি স্বীকার করে চট্টগ্রামের উপনির্বাচন কর্মকর্তা মো. এজাহারুল হক প্রথম আলোকে বলেন, ‘নতুন কাউকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কিংবা কোনো পরিচয়পত্রের ভুল সংশোধনের এখতিয়ার আমাদের নেই। এটা ঢাকা থেকে করতে হয়।’ জানা গেছে, ঢাকায় আবেদন করার পর সেখান থেকে আবেদনকারীর তথ্য যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলা কার্যালয়গুলোকে দায়িত্ব দেওয়া হয়। ওই প্রতিবেদন পুনরায় ঢাকায় পাঠানোর পর পরিচয়পত্র কিংবা ভুল সংশোধন-সংবলিত নতুন কার্ড ইস্যু করা হয়। এজাহারুল হক বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড ও কক্সবাজারের ঝিলঞ্জা এলাকায় হালনাগাদের দুটি পাইলট প্রকল্প চলছে। ওই প্রকল্প দুটির ফলাফলের ভিত্তিতে হালনাগাদ শুরু হবে। কবে নাগাদ হবে তা এখনই বলা যাচ্ছে না।’ জানা গেছে, গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে এ-সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হালনাগাদের বিভিন্ন পাইলট প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাইলট প্রকল্পের কাজ শেষ না হওয়ায় নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় পরিচয়পত্র হালনাগাদের সময় বারবার পেছানো হচ্ছে। সারা দেশে বিভিন্ন উপজেলা ও থানায় ৫০৩টি সার্ভার স্টেশনের মধ্যে বর্তমানে প্রায় ৩০০টি সার্ভার তৈরি হয়েছে বলে জানা গেছে। এসব স্টেশন হয়ে গেলে হালনাগাদ ছাড়াও যেকোনো সময় নতুন জাতীয় পরিচয়পত্র তৈরি ও সংশোধন করা যাবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। যদি নতুন পরিচয়পত্র কিংবা ভুল সংশোধনের জন্য জেলা পর্যায়ে আবেদন করার ব্যবস্থা থাকত, তাহলে জনসাধারণের জন্য ভালো হতো বলে মনে করছেন নির্বাচন কর্মকর্তারা।এ প্রসঙ্গে চট্টগ্রামের ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা কাজী নুরুল আবছার বলেন, ‘আমাদের কাছে প্রতিদিনই লোকজন আসে নতুন পরিচয়পত্রের ভুল সংশোধনসহ নানা কাজে। আমরা তাঁদের ঢাকায় আবেদন করার পরামর্শ দিই।’