জাতীয় পরিচয়পত্রের জন্য ফি আদায় মার্চে কার্যকর হতে পারে
জাতীয় পরিচয়পত্র হারালে এবং নবায়ন বা সংশোধন করলে নির্ধারিত হারে ফি আদায় আগামী বছরের মার্চ থেকে শুরু হতে পারে। নির্বাচন কমিশন নীতিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, ইতিমধ্যে জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত প্রবিধিমালা প্রণয়ন করে তাতে ফি আদায়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে কবে তা কার্যকর হবে, সে বিষয়ে বিধিতে কিছু উল্লেখ না থাকায় তা এখনো কার্যকর করা হয়নি।
নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেন, ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্র হারালে এবং নবায়ন বা সংশোধন করলে নির্দিষ্ট অঙ্কের ফি দিতে হবে।
বিধি অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র নবায়নের জন্য ১০০ টাকা এবং তা জরুরিভিত্তিতে পেতে হলে ১৫০ টাকা পরিশোধ করতে হবে। হারানো বা নষ্ট হয়ে গেলে নতুন পরিচয়পত্রের জন্য প্রথমবার ২০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং এরপর যতবার হারাবে ততবারের জন্য ৫০০ টাকা করে দিতে হবে।