জাতীয় পরিচয়পত্রের জন্য ফি নিতে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে
জাতীয় পরিচয়পত্রের জন্য নাগরিকের কাছ থেকে ফি নিতে হলে নির্বাচন কমিশনকে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে৷ জাতীয় পরিচয় নিবন্ধনবিধি পর্যালোচনা করে আইন মন্ত্রণালয় এই মত দিয়েছে৷ নির্বাচন কমিশন সচিবালয় সূত্র এ তথ্য জানিয়েছে৷
নির্বাচন কমিশনের করা খসড়া জাতীয় পরিচয় নিবন্ধনবিধিতে বলা হয়েছে, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ভোটারদের বিনা মূল্যে স্মাটকার্ড (উন্নতমানের পরিচয়পত্র) দেওয়া হবে৷ এরপর সাধারণ সময়ে জাতীয় পরিচয়পত্র নবায়নের জন্য ২৫০ টাকা এবং জরুরি ভিত্তিতে করতে হলে ৫০০ টাকা করে ফি দিতে হবে৷ কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে নতুন কার্ডের জন্য সাধারণ সময়ে ৫০০ টাকা এবং জরুরি ভিত্তিতে পেতে হলে এক হাজার টাকা ফি দিতে হবে৷ দ্বিতীয়বার হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে যথাক্রমে এক হাজার ও দুই হাজার টাকা করে ফি দিতে হবে৷ তৃতীয় বা ততোধিকবার কার্ড হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার ক্ষেত্রে ফি দিতে হবে যথাক্রমে দুই ও চার হাজার টাকা করে৷
খসড়া এই বিধি যাচাইয়ের জন্য প্রায় দুই মাস আগে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়৷ আইন মন্ত্রণালয় ওই খসড়াবিধি পর্যালোচনা করে গত সপ্তাহে নির্বাচন কমিশন সচিবালয়ে মতামত পাঠায়৷
কমিশন সচিবালয় সূত্র জানায়, ওই মতামতে বলা হয়েছে, নির্বাচন পরিচালনার জন্য সরকার বাজেটে নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ দিয়ে থাকে৷ আলাদাভাবে রাজস্ব সংগ্রহের এখতিয়ার নির্বাচন কমিশনের নেই৷ সেবা বাবদ নাগরিকদের কাছ থেকে ফি আদায় করতে হলে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে৷ এই মতামতের আলোকে খসড়াবিধি সংশোধনের জন্য এ-সংক্রান্ত নথি কমিশন সচিবালয় থেকে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগে পাঠানো হয়েছে৷
কমিশন সচিবালয় সূত্র আরও জানায়, ১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে৷ যদিও আইন মন্ত্রণালয় এখনো ভোটার তালিকাবিধি অনুমোদন করেনি৷ আজ বুধবার এই বিধি অনুমোদিত হতে পারে৷