জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করা হবে অনলাইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ের কাজ আগামী এক মাসের মধ্যে চালু হবে। গতকাল শনিবার সকালে ঢাকা সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা এ তথ্য জানান।সেখানে সিইসি ছবিসহ ভোটার তালিকার হালনাগাদ প্রকল্পের দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন। তিনি বলেন, অনুপ্রবেশকারী ও অপরাধ ঠেকাতে জাতীয় পরিচয়পত্রের কোনো বিকল্প নেই। অনলাইনে ভোটারদের সীমিত কিছু তথ্য যাচাইয়ের সুযোগ থাকবে।পাসপোর্ট অফিস ও মোবাইল ফোন কোম্পানিগুলো এ অনলাইন তথ্য যাচাইয়ের সুযোগ পাবে। এ জন্য প্রয়োজনীয় বিধিবিধান চূড়ান্ত করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে এ সেবা চালু করা সম্ভব হবে।এ টি এম শামসুল হুদা জানান, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে ভোটারদের তথ্যভান্ডারকে আরও সমৃদ্ধ করা হচ্ছে। পাইলট প্রকল্পের আওতায় ভোটারদের ‘স্মার্ট কার্ড’ দেওয়া হবে। ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আখতারুজ্জামান সিদ্দিক জানান, পরীক্ষামূলক প্রকল্পে ভোটারদের তথ্য আগের চেয়ে বেশি সংগ্রহ করা হচ্ছে। সঠিক তথ্য নিশ্চিত করতে ভোটারের মা-বাবার পাশাপাশি পিতামহের নামও অন্তর্ভুক্ত করা হচ্ছে। বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাসহ অন্য দেশের নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ রোধের ক্ষেত্রে এসব তথ্য কাজে লাগবে। পরীক্ষামূলক এই প্রকল্প শেষে আগামী অক্টোবর থেকে দেশজুড়ে নতুন পদ্ধতিতে হালনাগাদের কাজ শুরু হবে।