মানি লন্ডারিং, ভুয়া তথ্য দিয়ে একাধিক ব্যাংক হিসাব খোলা ও অর্থনৈতিক লেনদেনে অস্বচ্ছতা প্রতিরোধে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার ব্যবহার করতে পারবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে।নির্বাচন কমিশন সচিবালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। ইসি এর আগে গত বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গেও একই রকম চুক্তি করে।গতকাল চুক্তি স্বাক্ষর শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেন, এ প্রক্রিয়া চালু হলে ঋণখেলাপিদের দ্রুত চিহ্নিত করা যাবে এবং জাতীয় নির্বাচনে উপযুক্ত প্রার্থী নির্বাচনে সহায়ক হবে। এ ছাড়া তথ্যভান্ডার ব্যবহার করে বেনামে একাধিক ব্যাংক হিসাব খোলা-সংক্রান্ত সৃষ্ট সমস্যা মোকাবিলা করা যাবে। শেয়ারবাজারে একাধিক বিও অ্যাকাউন্ট খোলার প্রবণতা বন্ধ হবে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, এ চুক্তির মাধ্যমে ইসির তথ্যভান্ডার ব্যবহার করে প্রকৃত উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ করা সহজ হবে। মানি লন্ডারিং প্রতিরোধ করা এবং অর্থনৈতিক লেনদেনে স্বচ্ছতা আনা যাবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।