জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারে প্রবেশাধিকার চায় কোম্পানিগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন-অপরাধ ঠেকাতে টেলিযোগাযোগ আইনের সংশোধনী নিয়ে অসন্তুষ্ট মোবাইল ফোন অপারেটররা। আইনের ৬৯ ধারার সংশোধনী অনুযায়ী, অপরাধ প্রমাণিত হলে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এতে অপরাধীর সঙ্গে সংশ্লিষ্ট অপারেটরকেও অভিযুক্ত করা হবে। এ নিয়ে আপত্তি তুলে অপারেটররা গ্রাহক তথ্যের সত্যতা যাচাই করতে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারে (ডেটাবেইস) প্রবেশাধিকার চেয়েছে। ইতিমধ্যে অপারেটরদের পক্ষ থেকে তাদের সংগঠন অ্যামটব (অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ) সরকারের কাছে এ বিষয়ে লিখিত আবেদন জানিয়েছে। বাংলালিংকের নিয়ন্ত্রণ ও আইন বিভাগের (রেগুলেটরি অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স) প্রধান জাকিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হাজার হাজার গ্রাহক। কার তথ্য সঠিক, কারটা মিথ্যা, সেটা কীভাবে যাচাই সম্ভব। নীলক্ষেতে ৫০ টাকা দিলেই নকল পাসপোর্ট থেকে শুরু করে জাতীয় পরিচয়পত্রও পাওয়া যায়। সরকারের কাছে অনুরোধ করেছি, যেন জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইসে ঢুকতে অপারেটরদের একটা পথ (রিড অনলি এক্সেস) করে দেয়।’ তিনি জানান, নানা অভিযোগে ২০০৭ থেকে এ পর্যন্ত প্রায় ১৪ লাখ সংযোগ (সিম) বন্ধ করা হয়েছে। মুঠোফোনে চাঁদাবাজি, হুমকিসহ সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে ‘টেলিযোগাযোগ আইন ২০০১’ সংশোধন করে এসব বিধান অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গত ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুঠোফোনে সংঘটিত অপরাধ প্রমাণিত হলে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ কোটি টাকা জরিমানাসহ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। বলা হয়েছে, সংযোগ বিক্রির ক্ষেত্রে কড়াকড়িসহ খুচরা বিক্রেতাদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস হতে হবে। অবশ্যই ডিলারদের যাবতীয় তথ্য (পুলিশ ভেরিফিকেশন) অপারেটরদের কাছে থাকতে হবে। বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, ‘কমিটিতে সব মোবাইল ফোন প্রতিষ্ঠানের প্রতিনিধি রয়েছেন। তাঁদের সঙ্গে আলোচনা করেই এসব প্রস্তাব করা হয়েছে।’ গ্রাহকের দেওয়া তথ্যের সত্যতা কীভাবে যাচাই করা সম্ভব—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় ডেটাবেইস ব্যবহারে নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার ব্যবস্থা হচ্ছে। বিটিআরসি ২০০৬ সালের ২৬ মার্চ মুঠোফোন গ্রাহকদের যথাযথ নিবন্ধনের জন্য অপারেটরদের তাগাদা দেয় এবং একই বছরের ১৬ মে থেকে তা বাস্তবায়নের নির্দেশও দেওয়া হয়। পরে তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই পুনর্নিবন্ধনের নতুন নির্দেশ জারি করা হয়। এর সময়সীমা ছিল ১৬ আগস্ট থেকে ১৬ অক্টোবর। ‘গ্রাহক নিবন্ধন ফরম-২০০৬’ অনুযায়ী ১৮ বছরের নিচে কাউকে গ্রাহক হিসেবে নিবন্ধন করা যাবে না। আর নিবন্ধন ফরম ঠিকভাবে পূরণ না করে সংযোগ বিক্রি করলে সংশ্লিষ্ট অপারেটরকে সিমপ্রতি ১০ মার্কিন ডলার করে জরিমানা করার কথা বলা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেন, ‘গ্রাহকদের নাম-ঠিকানা নিয়ে সমস্যা নয়। সমস্যা হয় অপরাধীদের খুঁজতে। অপরাধের তদন্ত করতে বা সন্ত্রাসীকে খুঁজতে গিয়ে ঝামেলায় পড়েন তদন্তকারী সদস্যরা। তাই কড়াকড়ি প্রয়োজন।’গ্রামীণফোনের নিয়ন্ত্রণ বিভাগের (রেগুলেটরি অ্যাফেয়ার্স) মহাব্যবস্থাপক মাহমুদ হোসেইন জানান, নিম্ন আয়ের জনগোষ্ঠীর মধ্যে মুঠোফোন গ্রাহকের সংখ্যা বেশি। এ ছাড়া প্রত্যন্ত এলাকায় মুঠোফোনের বাজার আরও সম্প্রসারণের চিন্তা-ভাবনা করা হচ্ছে। কিন্তু তাদের পাসপোর্ট বা ছবিযুক্ত পরিচয়পত্র নেই। ভোটার কার্ড ছাড়া এদের শনাক্ত করা অসম্ভব। গ্রাহকের দেওয়া ভোটার কার্ডের সত্যতা জানতে, জাতীয় ডেটাবেইসে অপারেটরদের প্রবেশাধিকার দিতে হবে। এদিকে চলতি বছরের ২৮ জানুয়ারি প্রণীত ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০’-এর ১১ ধারা অনুযায়ী, ‘বাংলাদেশের সমগ্র এলাকায় সাধারণভাবে নাগরিকদের অনুকূলে জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম সম্পন্ন না করা পর্যন্ত, নাগরিকদের তা প্রদর্শন ও অনুলিপি দাখিলের ব্যবস্থা চালু করা যাবে না।’