জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ১৫ বছর, জালিয়াতির দণ্ড ৭ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পরিচয়পত্র নেওয়ার পর থেকে ১৫ বছর পর্যন্ত এর মেয়াদ এবং জালিয়াতির জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রেখে ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল’ সম্পর্কে স্থায়ী কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হয়েছে।আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল সোমবার জাতীয় সংসদে বিলটি উপস্থাপন করেন। গত অধিবেশনে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সংসদে এ বিলটি উপস্থাপন করেন।বিলে বলা হয়েছে, ভোটার তালিকা আইন অনুযায়ী ভোটারযোগ্য নাগরিকেরা জাতীয় পরিচয়পত্র পাবেন। পরিচয়পত্র প্রদানের তারিখ থেকে ১৫ বছর পর্যন্ত এর মেয়াদ থাকবে। মেয়াদোত্তীর্ণ হওয়ার অন্তত ছয় মাস আগে পুনর্নিবন্ধনের জন্য নির্ধারিত ফি ও পদ্ধতিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে হবে। এ ছাড়া মিথ্যা তথ্য প্রদান কিংবা জাল ও একাধিক জাতীয় পরিচয়পত্র বহন করলে জেল-জরিমানাসহ সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অনধিক এক লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। ইসির কোনো কর্মকর্তা বা কর্মচারী জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত নষ্ট বা বিকৃত করলে তার জন্যও এই শাস্তির বিধান থাকবে। তবে কোনো ব্যক্তি তথ্য নষ্ট বা বিকৃত করলে তার জন্য দুই বছরের কারাদণ্ড বা ৪০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা রয়েছে।নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম পরিচালনা, পরিচয়পত্র তৈরি, বিতরণ ও রক্ষণাবেক্ষণের সব দায়িত্ব পালন করবে। ইসির কাছে আবেদনের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রয়োজনে ফি দিয়ে সংশোধন করা যাবে। পরিচয়পত্রে ইসি ভুল করলে ফি ছাড়াই আবেদন করে তা সংশোধনের সুযোগ রয়েছে। জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও নির্ধারিত ফি দিয়ে আবেদন সাপেক্ষে নতুন জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা যাবে। প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকারের কিছু সেবা পেতে জাতীয় পরিচয়পত্র দাখিল বা প্রদর্শনের ব্যবস্থা চালু করতে পারবে। তবে সব নাগরিককে জাতীয় পরিচয়পত্র না দেওয়া পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা যাবে না।পোস্ট অফিস বিল পাস: এ ছাড়া সংসদে গতকাল পোস্ট অফিস (সংশোধন) বিল-২০০৯ সংসদে পাস হয়েছে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বিলটি সংসদে উপস্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। এ বিলের মাধ্যমে বেসরকারি কুরিয়ার সার্ভিসকে একটি আইনের আওতায় আনা হয়েছে। মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের সম্মাননা: মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বিদেশি সাংবাদিক, লেখক, শিল্পী, জনপ্রতিনিধি, মানবাধিকারকর্মী, রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল ও সংগঠনকে সংবর্ধনা দেওয়া হবে। এজন্য মুক্তিযুদ্ধে সহায়তাকারীদের এ বছরের ডিসেম্বরে বিজয় দিবসেই বাংলাদেশে এনে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করছে সরকার। সাংসদ আবুল কালাম আজাদের এক মনোযোগ আকর্ষণী নোটিশের জবাবে গতকাল সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম সংসদে এ কথা বলেন।