জাতীয় পরিবেশ পদকে সোনা থাকছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পরিবেশ পদক হিসেবে সোনার মেডেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ পদকবিষয়ক জাতীয় কমিটি। এই পদক জয়ীকে দুই ভরি সোনার তৈরি একটি মেডেল ও ৫০ হাজার টাকা নগদ দেওয়া হয়। এ বছর সোনার মেডেলের পরিবর্তে একটি ক্রেস্ট ও দুই ভরি সোনার সমপরিমাণ অর্থ নগদ দেওয়া হবে। গতকাল সোমবার জাতীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবেশ গবেষণা ও প্রযুক্তি, পরিবেশ শিক্ষা ও সচেতনতা, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এই পদক দেওয়া হয়।
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম, পরিবেশ ও বনসচিব শফিকুর রহমান পাটোয়ারীসহ কমিটির সদস্যরা।
জানতে চাইলে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রথম আলোকে বলেন, উদ্ভূত পরিস্থিতির কারণে কমিটির সব সদস্য সোনার মেডেল না দেওয়ার পক্ষে মত দেন। ফলে দুই ভরি সোনার দাম নগদে ও একটি ক্রেস্ট দেওয়া হবে।
প্রসঙ্গত, স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছিল সরকার৷ কিন্তু সম্মাননার স্মারক হিসেবে দেওয়া ক্রেস্টে এক ভরি সোনা ও ৩০ ভরি রুপা দেওয়ার সিদ্ধান্ত থাকলেও ক্রেস্টে এর কিছুই দেওয়া হয়নি৷