বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন পাটগ্রামের বিদ্যালয়

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল (বালিকা) আন্তবিভাগীয় টুর্নামেন্টের ফাইনাল খেলায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ী বালা কান্তা (বি কে) সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। ফলে পাটগ্রামের বাসিন্দারা এই বিজয়ের আনন্দে ভাসছে। ফাইনালে তারা রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন চারঘাটের বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারায়।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বিটিভি সরাসরি খেলাটি সম্প্রচার করায় উপজেলার বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ তা উপভোগ করে। ব্যবসায়ীরা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বড় প্রজেক্টর বসিয়ে খেলাটি উপভোগ করেন। এ ছাড়া শহরে সড়কের দুপাশের দোকানে টিভি দেখার জন্য গ্রামাঞ্চলের লোকজন ভিড় জমায়। খেলা শেষে বিজয় মিছিল বের করে আনন্দ ও উল্লাস করে উপজেলাবাসী। মিছিল শেষে অনেকেই একে অপরকে মিষ্টি খাওয়ায়।
তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনালে জিতে পাটগ্রামের মেয়েরা যে সম্মান রংপুর বিভাগকে এনে দিয়েছে তা সত্যিই গৌরবের। এর আগেও ২০১৫ সালে এ বিদ্যালয় রংপুর বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ওই সময় তারা ঢাকায় ফাইনালে ওঠার আগে হেরে যায়। কিন্তু এবার ২০১৬ সালে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে সেখানকার মেয়েদের মনে দেশ জয়ের স্বপ্ন জাগে। অবশেষে শিরোপা জিতে তাদের সেই স্বপ্নপূরণ হয়েছে। এতে লালমনিরহাট বা পাটগ্রামের মানুষজন নয়, সারা রংপুর বিভাগের মানুষজনের মাঝে যেন খুশির শেষ নেই।’
ঘোনাবাড়ির বাসিন্দা সাদ্দাম হোসেনসহ টেপুরগাড়ি গ্রাম থেকে খেলা দেখতে আসা তিন-চার ব্যক্তি বলেন, ‘হামা গ্রামের মানষি গ্রামের খেতখামারের ছোয়ালা (মেয়ে) দেখে দিল দেশোক, হামরাও পারি। এতে যে মনোত খুব আনন্দ নাগেছে। তা তোমাক কয়াও বুঝিবা পামো না।’
টেপুরগাড়ি বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ বলেন, ‘আমাদের খুদে শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো রংপুর বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় খেলতে এসেছিল। এর আগে তারা হতাশ হয়ে ফিরলেও বৃহস্পতিবারের ফাইনাল খেলায় তারা রাজশাহী বিভাগকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে। তাদের এই অর্জন শুধু পাটগ্রামবাসীর জন্য গৌরবের নয়, গোটা রংপুর বিভাগের মানুষের জন্য পরম আনন্দের।’
উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম বলেন, ‘পাটগ্রামের মেয়েরা দেশসেরার গৌরব অর্জন করায় খুবই ভালো লাগছে।’
স্থানীয় উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বলেন, ‘আমরা দেশের শেষ সীমান্তবাসী হলেও মেয়েরা যে দেশ জয় করতে পারে, তারই প্রমাণ মিলেছে আজ। তাই তাদের এই জয়ে উপজেলাবাসীর আনন্দ ও খুশির শেষ নেই।’
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার বলেন, ‘টেপুরগাড়ি বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা আমাদের এক বিরল সম্মান এনে দিয়েছে। তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।’
লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান বলেন, ‘ওই বিদ্যালয়ের মেয়েরা তাদের শত সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের জেলার জন্য যে সম্মান বয়ে নিয়ে এসেছে, এতে আমরা খুবই গর্বিত ও কৃতজ্ঞ। ভবিষ্যতে তারা আরও ভালো করবে।’