জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী ফরিদপুরে পালনের দাবি
নজরুল স্মৃতিবিজড়িত ফরিদপুরে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী পালন করার দাবি জানিয়েছে হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার পরিষদ। গতকাল সোমবার জাতীয় কবির ১১৬তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
সকালে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে নজরুল স্মৃতিবিজড়িত পল্লিকবি জসীমউদ্দীনের বাড়ির আঙিনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভা ছাড়াও আবৃত্তি ও সংগীত পরিবেশন এবং গ্রন্থ প্রদর্শনের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুল ফরিদপুরে প্রথম আসেন ১৯২৫ সালের ১ মে বঙ্গীয় কংগ্রেসের অধিবেশনে যোগ দিতে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাত্মা গান্ধী, হোসেন শহীদ সোহরাওয়ার্দীসহ অনেকে। অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন কবি জসীমউদ্দীন।
বক্তারা ফরিদপুরে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী পালন করার দাবি জানিয়ে বলেন, নজরুল বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর, পাংশা, গোয়ালন্দে সভা-সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এ ছাড়া আইনসভার সদস্যপদের জন্য ফরিদপুর থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার পরিষদের মফিজ ইমাম, আনসার উদ্দিন উচ্চবিদ্যালয়ের জাহিদুর রহমান, টিআইবির (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) ফরিদপুর অঞ্চলের ব্যবস্থাপক মনিরুল হক, মৃণাল সেন চলচ্চিত্র সংসদের রেজাউল মৃধা প্রমুখ।
অনুষ্ঠানে আবৃত্তি করেন শেখ মারুফ ও গীতা দত্ত। নজরুলসংগীত পরিবেশন করেন তৃপ্তি রায়, সুশীল কুমার সরকার, রশিদ আহমেদ। এ উপলক্ষে অনুষ্ঠান প্রাঙ্গণে আলোকচিত্রসহ দুর্লভ কয়েকটি বই প্রদর্শন করা হয়।