শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ১২ মেধাবী শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করে চূড়ান্ত পর্বে তারা জাতীয় পর্যায়ে স্থান পেল। গতকাল শনিবার বিকেলে এ ফলাফল ঘোষণা করা হয়। ভাষা ও সাহিত্য, দৈনদিন বিজ্ঞান/বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ—এই চারটি বিষয়ে তিনটি গ্রুপে (ষষ্ঠ-অষ্টম, নবম-দশম ও একাদশ-দ্বাদশ) উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে সাতটি বিভাগ ও ঢাকা মহানগর থেকে ৯৬ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। ১২ মেধাবী হলো ‘ভাষা ও সাহিত্য’ বিষয়ে ষষ্ঠ-অষ্টম গ্রুপে ঢাকার ওয়াইডব্ল্লিউসিএ গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হুমায়রা আদিবা বিজয়ী হয়েছে। নবম-দশম গ্রুপে বিজয়ী হয়েছে রাজশাহী জেলার সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আনিকা বুশরা। একাদশ-দ্বাদশ গ্রুপে সুনামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মধুরিমা সাহা বিজয়ী হয়। ‘দৈনদিন বিজ্ঞান/বিজ্ঞান’ বিষয়ে ষষ্ঠ-অষ্টম গ্রুপে বিজয়ী হয়েছে নীলফামারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বুশরা আদিব। নবম-দশম গ্রুপে বিজয়ী হয়েছে সুনামগঞ্জ জেলার সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সুপান্থ জয়। একাদশ-দ্বাদশ গ্রুপে বিজয়ী হয়েছে চট্টগ্রাম কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আজমাঈন ইকতিদার। ‘গণিত ও কম্পিউটার’ বিষয়ে ষষ্ঠ-অষ্টম গ্রুপে বিজয়ী হয়েছে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাহনিক নূর সামীন। নবম-দশম গ্রুপে বিজয়ী হয়েছে রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ভুবন দে। একাদশ-দ্বাদশ গ্রুপে বিজয়ী হয়েছে সিলেট জেলার সরকারি এমসি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আজওয়াদ আনজুম ইসলাম। এ ছাড়া ‘বাংলাদেশ স্টাডিজ’ বিষয়ে ষষ্ঠ-অষ্টম গ্রুপে বিজয়ী হয়েছে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আফিয়া আনজুম জামান জেবা। নবম-দশম গ্রুপে বিজয়ী হয়েছে রাজশাহী জেলার সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মোসা. মোসাররত মেহজাবীন। একাদশ-দ্বাদশ গ্রুপে বিজয়ী হয়েছে বরিশাল বিভাগের বরগুনা জেলার আমতলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আ. বাছিত মোল্ল্লা। সকালে রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৩ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী বলেন, সেরা মেধাবীরাই তাদের সৃজনী প্রতিভার মাধ্যমে আগামী দিনে যোগ্যতরভাবে দেশ চালাবে ও বিশ্বসভায় নিজেদের স্থান করে নেবে। এদের মধ্য থেকে বেরিয়ে আসবেন বিশ্বসেরা শিক্ষক, সাহিত্যিক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, বিজ্ঞানী, গণিতবিদ, রাজনীতিবিদ, অর্থনীতিবিদসহ বিভিন্ন পেশাজীবী। মন্ত্রী আরও বলেন, ‘বিরোধী দল ও জামায়াত আমাদের পুরো শিক্ষার্থীব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিবেকহীনভাবে একের পর এক হরতাল দিয়েই যাচ্ছে।’ তাদের বিবেক জাগ্রত করার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কর্নেল মো. মোসলেহ উদ্দিন ভূঞা, বিচারক প্রতিনিধি হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মাধ্যমিক) এস এ মাহমুদ।আয়োজকেরা জানান, জাতীয় পর্যায়ে বিজয়ী ১২ মেধাবীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ এপ্রিল এক লাখ টাকা ও সনদ প্রদান করবেন।