জাতীয় পার্টি আগামী নির্বাচনে এককভাবে অংশ নেবে: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ নেবে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের হাটিকুমরুলের একটি অভিজাত রেস্তোরাঁয় গত বৃহস্পতিবার দুপুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।উত্তরবঙ্গ সফরের পথে যাত্রাবিরতিকালে ওই সভায় সাংসদ এরশাদ আরও বলেন, মহাজোটের অংশ হিসেবে গত নির্বাচনে জাতীয় পার্টি বেশ কয়েকটি আসনে বিজয়ী হয়েছে। মহাজোট থেকে তখন জাতীয় পার্টিকে ৫০টি আসনে মনোনয়ন দেওয়া হলে সব কয়টি আসনেই জয়লাভ করা সম্ভব হতো। তিনি আরও বলেন, জাতীয় পার্টি মহাজোটে আছে এবং থাকবে।মহাজোটে জাতীয় পার্টিকে মূল্যায়ন করা হচ্ছে না—নেতা-কর্মীদের এমন অভিযোগের জবাবে এরশাদ বলেন, দলকে সংগঠিত করে দর কষাকষির পর্যায়ে নিয়ে যেতে পারলেই সঠিক মূল্যায়ন পাওয়া যাবে। তিনি সবাইকে সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে দেশবাসীর সঙ্গে থাকার আহ্বান জানান।