জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি চালাচ্ছে জানিয়ে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘মানুষ ক্ষমতার পালাবদল নয়, পরিবর্তন চায়। সেই সুযোগ গ্রহণ করেই ভবিষ্যতে আমাদের ক্ষমতায় যেতে হবে।’এরশাদ বলেন, ‘আমি মানুষের জন্য রাজনীতি করি। যেখানেই যাচ্ছি, লোকজন বলছে একক নির্বাচন করতে। মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যাবে।’গতকাল মঙ্গলবার বিকেলে সিলেটে বিভাগীয় তৃণমূল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এরশাদ এসব কথা বলেন।সিলেট মিলনায়তনে আয়োজিত কর্মী সম্মেলনে সিলেট বিভাগের চারটি জেলার সাংগঠনিক কমিটির নেতারা ছাড়াও তৃণমূল পর্যায়ের কর্মীরা মিলিত হন। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী আতিকুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়, সভাপতিমণ্ডলীর সদস্য খালেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাকুর রহমান, জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সভানেত্রী নূর ই হাসনা লিলি চৌধুরী, সাধারণ সম্পাদক নাজমা বেগম প্রমুখ।আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে এরশাদ বলেন, ‘মুক্ত হাওয়ায় আমি কখনো একক নির্বাচনের প্রচারণা চালাতে পারিনি। কারাবন্দী অবস্থায় আমি ও আমার দলের সাবেক মন্ত্রীদের নির্বাচন করতে হয়েছে। নেতা-কর্মীরা মাথায় হুলিয়া নিয়ে নির্বাচন করেছেন। এবার আমি মুক্ত। তাই ভবিষ্যতে জাতীয় পার্টি নিঃসন্দেহে ৩০ শতাংশের চেয়ে বেশি ভোট পাবে।’তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে রাজনীতিবিদদের জন্য ‘কলঙ্কতিলক’ অভিহিত করে এরশাদ বলেন, ‘২০ বছর ধরে আমি এ পদ্ধতির বিরোধিতা করে আসছি। কিন্তু শেষ পর্যন্ত বর্তমান সরকার সংবিধান সংশোধনীর মাধ্যমে এ পদ্ধতি বাতিল করেছে। রাজনীতির কলঙ্ক মুছে গেছে। আমরা ক্ষমতায় গেলে পুনরায় রাষ্ট্রপতি শাসিত শাসনপদ্ধতি চালু করব।’ তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতি নিয়ে দুই নেত্রীর পরস্পরবিরোধী অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, এ অবস্থায় গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় পার্টি একক নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে নয় মাস ধরে কাজ চলছে।সংবিধান সংশোধনের মাধ্যমে জাতীয় পার্টির নৈতিক বিজয় হয়েছে দাবি করে এরশাদ বলেন, ‘আমরা বলেছিলাম, সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম না থাকলে মহাজোটে থাকব না। সংবিধানে এ দুটি বিষয় অপরিবর্তিত রাখা হয়েছে।’