জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, জাতীয় পার্টি পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে। তাঁর দল ক্ষমতায় যেতে আর অন্য কোনো দলের সিঁড়ি হিসেবে ব্যবহূত হবে না।গতকাল শনিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা ডিগ্রি কলেজ মাঠে জেলা জাতীয় পার্টির তৃণমূল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।এরশাদ বলেন, বর্তমান সরকার মানুষের চাহিদা পূরণ করতে পারছে না। দেশের মানুষ জাতীয় পার্টির প্রতি আস্থা দেখাচ্ছে। কাজেই পরবর্তী নির্বাচন জাতীয় পার্টি এককভাবেই করবে। একনায়কতন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করতে, সন্ত্রাস প্রতিরোধ ও গণতন্ত্রকে ঊর্ধ্বে তুলে ধরতে তিনি মহাজোট সরকারে যোগ দিয়েছিলেন। কিন্তু তারা জাতীয় পার্টিকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারে অনিচ্ছুক।এরশাদ আরও বলেন, ‘দেশে ভয়াবহ রাজনৈতিক সংঘাতের পদধ্বনি শুনছি। একদিকে শুনছি এই সরকারের অধীনে নির্বাচন করতে দেওয়া হবে না, অন্যদিকে শুনছি এই সরকারের অধীনেই নির্বাচনে অংশ নিতে হবে। দেশে আবার পরিবর্তন ছাড়া এই অশান্তির আগুন নেভানো যাবে না। তাই জাতীয় পার্টির এবারের স্লোগান ‘শান্তির জন্য পরিবর্তন’।জেলা জাতীয় পার্টির আহ্বায়ক খন্দকার হাফিজুর রহমানের সভাপতিত্বে তৃণমূল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, যুগ্ম মহাসচিব আলমগীর সিকদার, যুগ্ম মহাসচিব গোলাম মোহম্মদ রাজু প্রমুখ।