জাতীয় পার্টি (এরশাদ) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক ও ক্যান্টনমেন্ট থানার সাধারণ সম্পাদক মাহমুদুল হক খান দীপুকে (৪৩) গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার ধামরাইয়ের একটি পরিত্যক্ত ইটভাটা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। মাহমুদুল হক রাজধানীর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদী মাটিকাটার ৫২১ নম্বর খান পল্লির বাসিন্দা এবং দেশবন্ধু বিল্ডার্সের চেয়ারম্যান বলে জানা গেছে। তিনি গত বৃহস্পতিবার রাতে নিখোঁজ হন।ধামরাই থানা সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ের বাথুলি এলাকার পরিত্যক্ত একটি ইটভাটা থেকে মাহমুদুল হকের লাশ উদ্ধার করা হয়। তাঁকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।উদ্ধারের পর পরিচয় না পাওয়ার কারণে অজ্ঞাতনামা হিসেবেই ময়নাতদন্তের জন্য লাশটি দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সন্ধ্যার দিকে লাশের পরিচয় পাওয়া যায়।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণের পর সন্ত্রাসীরা মাহমুদুলকে গুলি করে হত্যা করেছে। এরপর তাঁরা লাশ ধামরাই থানা এলাকার মধ্যে ফেলে রেখে যায়।ক্যান্টনমেন্ট থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, মাহমুদুল হকের নিখোঁজ থাকার কথা জানিয়ে তাঁর স্ত্রী সাকিলা মাহমুদ ক্যান্টনমেন্ট থানায় গতকাল সকালে একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাঁর স্বামী বাসা থেকে বের হন। এরপর রাত নয়টার দিকে মুঠোফোনে মাহমুদুলের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। তখন তিনি ফার্মগেটে ছিলেন বলে জানিয়েছিলেন।কারা তাঁকে হত্যা করতে পারে—এমন প্রশ্নের জবাবে ওসি সালাউদ্দিন বলেন, তদন্ত ছাড়া কোনো কিছু বলা সম্ভব নয়।