সরকারকে উদ্দেশ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আমরা যে তাঁদের সঙ্গে আছি, সে কথাই তাঁরা ভুলে গেছেন। তাঁদের কাছে ইনু-মেননেরা বড়, আমরা কিছু না। কিন্তু এখন কী হবে?’ গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীর কার্যালয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ব্যবসায়ী কাজী মো. মশিউর রহমানের নেতৃত্বে বেশ কিছু ব্যক্তির জাপায় যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন।এরশাদ বলেন, সরকার মনে করেছে জাতীয় পার্টির প্রয়োজন নেই, তাই এত দিন তুচ্ছ-তাচ্ছিল্য, অবহেলা করেছে। এখন জাতীয় পার্টিকে তাদের দরকার। কারণ, জাতীয় পার্টি না থাকলে অস্তিত্ব থাকে না।নির্বাচনের সময় আসন বণ্টন থেকে শুরু করে এ পর্যন্ত সব কাজেই জাতীয় পার্টির প্রতি অবিচার করা হয়েছে বলে দাবি করেন এরশাদ। ক্ষমতাসীনদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার ছেড়ে আসা কুড়িগ্রামের আসনটিও আওয়ামী লীগ নিয়ে গেল। সুনামগঞ্জে আমাদের মহিলা এমপি মারা গেলে সেটিও তারা নিয়ে যায়। কোনো লেহাজ করল না। জেলা পরিষদে একজন প্রশাসকও আমাদের দেওয়া হয়নি। সরকারি হাজারো পোস্ট—পিপি, এপিপি আছে, একটিও দেয়নি।’ চার সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের হেরে যাওয়ার সম্ভাব্য চারটি কারণও উল্লেখ করেন এরশাদ। তিনি বলেন, প্রথম কারণ ছাত্রলীগ-যুবলীগ। রফিক-উল হক যার নাম দিয়েছেন টেন্ডারলীগ। ক্ষমতায় আসার পেছনে বড় বাধা এই টেন্ডারলীগ। দুই. ড. ইউনূসকে অকারণে হেনস্তা করা। তিন. শেয়ারবাজার কেলেঙ্কারি। চার. শাহবাগে ইসলাম ও রাসূলুল্লাহ (সা.)কে অবমাননা করা ও হেফাজতের ওপর আক্রমণ—এসব কারণে সরকারের জনপ্রিয়তায় ধস নেমেছে। প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে এরশাদ বলেন, ‘তিনি সংসদে বললেন, হেফাজতের কর্মীরা লাল রং লাগিয়ে শুয়ে ছিল, পুলিশ আসলে পালিয়ে যায়। অথচ পৃথিবীর লোক জানে, সে দিন কী হয়েছে, কোথায় কবর দিয়েছে। তিনি এভাবে না বললেও পারতেন।’ এসব কারণে মানুষ সরকারের প্রতি বীতশ্রদ্ধ বলে মন্তব্য করেন তিনি।এরশাদ বলেন, ‘এখন প্রশ্ন হচ্ছে, আমরা মহাজোট ছাড়ব কি না? এক বছর আগেই আমাকে বলা হয় মহাজোট ছাড়েন, তালাক দেন। আমি তালাক দিইনি। মনে হয় আমার এত দিনকার সিদ্ধান্ত ভুল ছিল না।’ এর কারণ ব্যাখ্যা করে এরশাদ বলেন, ‘বিএনপির মতো দল সরকারের সামনে দাঁড়াতে পারেনি। এক জামায়াত দাঁড়িয়েছিল। আমরা ছোট দল, দাঁড়াতে পারতাম না। এসব কথা মনে রেখে আমি জোটে আছি। তারা (সরকার) আমাদের প্রতি অবিচার করেছে, কিন্তু অত্যাচার করেনি। আমরা ভালো আছি।’মহাজোটের এই শীর্ষ নেতা বলেন, ‘এখন মহাজোটে থাকব কি থাকব না—এ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার। যদি মনে হয় ছাড়লে আমাদের উপকার হবে, তাহলে ছাড়ব। অন্যের উপকারের জন্য নয়। কারণ, আমরা কারও ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহূত হতে চাই না।’যোগদান অনুষ্ঠানে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম, সুনীল শুভ রায়, এস এম ফয়সাল চিশতী, রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।