জাতীয় পার্টি নির্বাচনে নেই: জি এম কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টি নির্বাচনে নেই। দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল আছেন। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।
গতকাল শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এরশাদের সঙ্গে দেখা করে বেলা সাড়ে ১২টায় উত্তরায় নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন করে জি এম কাদের এ ঘোষণা দেন। জাপার কিছু নেতার নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে ‘বিভ্রান্তিকর’ বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ সংবাদ ডাকা হয়।
জি এম কাদের বলেন, ‘আমাদের দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। যেহেতু তিনি সরাসরি কথা বলতে পারছেন না, সেহেতু তাঁর নির্দেশনা জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও আমি জানাই। তাঁর (এরশাদের) নাম করে কেউ কিছু বললে, তা তাঁর নামে হবে না। তিনি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল আছেন।’ তিনি বলেন, ‘মন্ত্রিসভা থেকে যখন পদত্যাগের সিদ্ধান্ত হয় এবং পার্টির চেয়ারম্যান যখন বলেছেন, পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে, তখন থেকে আমরা মন্ত্রী নই। আমি গাড়ি, বাড়িতে পতাকা ব্যবহার করি না। সরকারি সুযোগ-সুবিধাও নিই না। এখন সরকারের দায়িত্ব গেজেট প্রকাশ করা।’
সংবাদ সম্মেলন শুরুর পর জি এম কাদেরের বাসার সামনে র‌্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি গিয়ে অবস্থান নেয়। এর আধা ঘণ্টা পর সেখানে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতা-কর্মী একটি মিছিল বের করেন। তাঁরা জি এম কাদেরের বাসার ফটকে দাঁড়িয়ে কিছুক্ষণ স্লোগান দেন। মিছিলটি বের হওয়ার পর র‌্যাব ও পুলিশের গাড়িগুলো দ্রুত সরে যায়। যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এ কে আজাদ ও উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিনের নেতৃত্বে মিছিলটি ১০-১৫ মিনিট পর সেখান থেকে চলে যায়।