জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দাবি করেছেন, জাতীয় পার্টি দীর্ঘদিন পর দেশে সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রে উত্তরণ ঘটিয়েছে। গণতন্ত্রে উত্তরণের পথে কোথাও রক্তের ছাপ ছিল না, ছিল আনন্দ আর সৃষ্টির উল্লাস।গতকাল বুধবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘গণতন্ত্র দিবস’ উদ্যাপন উপলক্ষে জাতীয় পার্টির আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এরশাদ এ দাবি করেছেন।এইচ এম এরশাদ বলেন, ‘সপ্তম সংশোধনীর রায় অনুযায়ী এখন থেকে আমার শাসনামলকে স্বৈরশাসন বলা যাবে না। সপ্তম সংশোধনীর মাধ্যমে প্রমাণ হয়েছে, আমার শাসন আমলের পুরো নয় বছর সামরিক শাসন ছিল না। এর মধ্যে পাঁচ বছর ছিল গণতান্ত্রিক শাসন। আইনগতভাবেই আমার পাঁচ বছরের শাসনামলকে বৈধতা দেওয়া হয়েছে।’অনুষ্ঠানে বলা হয়, ১৯৮৬ সালের ১০ নভেম্বর রাষ্ট্রপতি হিসেবে এইচ এম এরশাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সামরিক আইন প্রত্যাহার করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আনুষ্ঠনিক ঘোষণা দেন। তাই জাতীয় পার্টি এ দিনটিকে গণতন্ত্র দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।এ ছাড়া দলটির সভাপতিমণ্ডলীর সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, কাজী ফিরোজ রশীদ, মোস্তফা জামাল হায়দার, দেলোয়ার হোসেন খান, করিমউদ্দিন ভরসা, সাইদুর রহমান, এস এম আলম প্রমুখ বক্তব্য দেন।প্রসঙ্গত, ১৯৮৬ সালের ১০ নভেম্বর সামরিক শাসন তুলে নেন তৎকালীন রাষ্ট্রপতি এরশাদ। আর পরের বছর এই দিনে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হন নূর হোসেন।