জাতীয় পার্টিও জোট গঠন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশে এখন জোটের রাজনীতি চলছে। কেউ ১৪-দলীয় জোট, আবার কেউ ২০-দলীয় জোট গঠন করেছে। জাতীয় পার্টিও জোট গঠন করবে। গতকাল সোমবার দুপুরে রংপুরে নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এরশাদ এ কথা বলেন।
এইচ এম এরশাদ বলেন, ‘আমরা আশা করছি নতুন নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে।’ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানে আমরা এককভাবে প্রার্থী দিয়েছি। ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে জাতীয় পার্টির প্রার্থী জয়ী হবেন।’
এরশাদ বলেন, ‘বিএনপি নেতারা যত কথাই বলুন না কেন, আগামী সংসদ নির্বাচনে তাঁরা অংশ নিতে বাধ্য। নির্বাচনে অংশ না নিলে দলটির নিবন্ধন বাতিল হয়ে যাবে। দল টিকিয়ে রাখতে হলে বিএনপিকে অবশ্যই নির্বাচনে অংশ নিতে হবে।’
এ সময় রংপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব এস এম ইয়াসির প্রমুখ উপস্থিত ছিলেন।