জাতীয় পার্টির ওয়াকআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদে গতকাল রোববার প্রথমবারের মতো ওয়াকআউটের ঘটনা ঘটল। বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) ওয়াকআউট করে।
গতকাল অধিবেশন শুরু হওয়ার পর বিকেল পাঁচটা ২৩ মিনিটে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে জাপার সদস্যরা ওয়াকআউট করেন। অবশ্য ১০ মিনিট পরেই তাঁরা অধিবেশন কক্ষে ফিরে আসেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় উপস্থিত ছিলেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী গতকালের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করেন। এরপর বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, ১ মার্চ থেকে বিদ্যুতের দাম বেড়েছে। সরকার পরিকল্পনা অনুযায়ী কম দামে বিদ্যুৎ দিতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বিশ্বে জ্বালানি তেলের দাম বাড়েনি। কিন্তু সরকার রাজস্বের দৃষ্টিভঙ্গি থেকে এর দাম বাড়িয়েছে। ৬ দশমিক ৯৬ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানো অযৌক্তিক ও অন্যায় মনে করি। সরকারের এই জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় পার্টি সংসদ থেকে ওয়াকআউট করছে।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে তাজুল ইসলাম চৌধুরী বলেন, জাতীয় পার্টি অতীতে এককভাবে বিরোধী দলে ছিল না। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপির সঙ্গে ছিল। দশম সংসদ নিয়ে টিআইবির প্রতিবেদন দুর্ভাগ্যজনক। টিআইবি অন্যায়ভাবে বিরোধী দলকে সমালোচনা করেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা সরকারের গণবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করব। উন্নয়নের অংশীদার হব।’