নোয়াখালী জেলা জাতীয় পার্টির (এ) সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) ও ৪ (সদর ও সুবর্ণচর) আসনে দলীয় প্রার্থী মোবারক হোসেন আজাদের শহরের সোনাপুর এলাকার বাড়িতে ককটেল হামলা হয়েছে। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
তবে যে ঘরে ককটেল হামলা চালানো হয়েছে, ওই ঘরে মোবারক হোসেন কিংবা তাঁর পরিবারের কেউ ওই সময় ছিলেন না। ঘটনার পরই সুধারাম থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জাপা নেতা মোবারক হোসেন অভিযোগ করেন, রাত ১২টার পর অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর বসতঘরের মূল দরজার সামনে একটি এবং সামনের কক্ষের জানালা লক্ষ্য করে আরেকটি ককটেল নিক্ষেপ করে। এ সময় বিকট শব্দে ককটেল দুটি বিস্ফোরিত হলে বাড়ির লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি অভিযোগ করেন, তাঁর সঙ্গে কারও ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে কোনো পক্ষ পরিকল্পিতভাবে তাঁকে ভয় দেখানোর জন্য ককটেল হামলা চালিয়েছে।
সুধারাম থানার ওসি মোশারফ হোসেন তরফদার প্রথম আলোকে বলেন, ককটেল নাকি বাজি ফোটানো হয়েছে, তা নিশ্চিত নয়।