জাতীয় পার্টির (মঞ্জু) প্রার্থী রুহুল জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) প্রার্থী রুহুল আমিন বাইসাইকেল প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মো. জাকির হোসেন।
গতকাল বৃহস্পতিবার এ আসনের স্থগিত দুটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সর্বশেষ ফলাফলে দেখা যায়, মো. জাকির হোসেনের চেয়ে রুহুল আমিন সাত হাজার ৬৬৮ ভোট বেশি পেয়ে জয়ী হন। তাঁর প্রাপ্ত ভোট ৩২ হাজার ৬০৭। আর মো. জাকির হোসেনের ২৪ হাজার ৯৩৯। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ বি এম আজাদ এই ফলাফল নিশ্চিত করেছেন।
কুড়িগ্রাম-৪ আসনটি রৌমারী, রাজীবপুর, চিলমারী এবং উলিপুরের কিছু অংশ নিয়ে গঠিত। গতকাল স্থগিত যে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয় তা হলো, কেরামতিয়া সিনিয়র মাদ্রাসাকেন্দ্র ও চর বন্দবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র।
প্রসঙ্গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে এ আসনের ১০৬টি কেন্দ্রের মধ্যে ১০৪টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এসব কেন্দ্রে রুহুল আমিন ছয় হাজার ৫৯৮ ভোটে জাকির হোসেনের চেয়ে এগিয়ে ছিলেন।