জাতীয় পার্টির মেয়র প্রার্থীর গণসংযোগে বাধার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থীর গণসংযোগে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জাতীয় পার্টির প্রার্থী আজাদ উদ্দিন গতকাল সোমবার রিটার্নিং কর্মকর্তা এস এম শফি কামালের কাছে মৌখিকভাবে এ অভিযোগ করেন।
আজাদ উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল সকালে তিনি কয়েকজন কর্মীসহ ৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করছিলেন। একপর্যায়ে বাণী সিনেমা হলের কাছে গেলে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নেছার উদ্দিন ও যুবলীগের কর্মী নেছার উদ্দিন ওরফে হাজি নেছারসহ কয়েকজন তাঁদের গণসংযোগে বাধা দেন। এ সময় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা তাঁর (আজাদ উদ্দিনের) শ্যালক জহির উদ্দিন এবং উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনকে লাঞ্ছিত করেন। ওই সময় জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে প্রচারণা না চালানোরও হুমকি দেন তাঁরা।
অভিযোগ সম্পর্কে যুবলীগের কর্মী নেছার উদ্দিন বলেন, আজাদ উদ্দিনের অভিযোগ ভিত্তিহীন। গণসংযোগে বাধা দেওয়া কিংবা কাউকে লাঞ্ছিত করার কোনো ঘটনা সেখানে ঘটেনি।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদ পারভেজ বলেন, আজাদ উদ্দিন তাঁর কাছেও এ অভিযোগ করেছেন। এ সম্পর্কে তিনি খোঁজখবর নেবেন।
রিটার্নিং কর্মকর্তা ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শফি কামাল বলেন, আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকেরা গণসংযোগে বাধা দিয়েছেন বলে আজাদ উদ্দিন তাঁর কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।