জাতীয় পার্টির শাসন দেখতে চায় জনগণ: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশের মানুষ বুঝতে পেরেছে দুই নেত্রী দেশ চালনায় ব্যর্থ হয়েছেন।জনগণ জাতীয় পার্টির শাসন দেখতে চায়।তিনি বলেন, দেশ মহাসংকটের দিকে এগিয়ে যাচ্ছে।দুই নেত্রী শান্তি দিতে পারেননি।তাঁদের হিংসার আগুনে দেশ পুড়ে ছাই হয়ে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া-সরাইল বিশ্বরোড মোড়ে এক পথসভায় এরশাদ এসব কথা বলেন।তবে পথসভাটি শেষ পর্যন্ত জনসভায় পরিণত হয়।

এরশাদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নিলে জাতীয় পার্টিও অংশ নিবে।তিনি বলেন, জাতীয় পার্টি অংশ না নিলে দেশে নির্বাচন হবে না।দেশে অশান্তি আসবে, হরতাল হবে, ছেলেমেয়েরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে না।

সাংসদ জিয়াউল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহাসচিব এ বি এম রুহুল আমিন, জিয়া উদ্দিন, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ। 

পথসভায় এরশাদ আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, ‘একসময় তারাই আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল।এখন তারাই এ ব্যবস্থা বাতিল করেছে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ বলছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেবে না।আর বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না।’

মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশ প্রসঙ্গে এরশাদ বলেন, ‘সেদিন রাতে হেফাজতে ইসলাম কী দোষ করেছিল যে তাদের ওপর লক্ষ লক্ষ গুলি ছোড়া হলো।দেশে এখন আইনের শাসন অনুপস্থিত।ইসলাম ও দেশ বিপন্ন হচ্ছে।তাই দেশের শান্তি ও গণতন্ত্র রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য আমি শেষ বয়সে আপনাদের সমর্থন চাই।শেষ বয়সে আমি আপনাদের খেদমত করতে চাই।আমাকে ভোট দিলে দুই নেত্রীর রাহু থেকে দেশ রক্ষা পাবে।আপনারা শান্তিতে থকতে পাবেন।’

১৫ মিনিটের বক্তব্যের শেষে এরশাদ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে সাংসদ জিয়াউল হক মৃধা ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে জিয়াউল হক মৃধার জামাতা রেজাউল ইসলাম ভূঁইয়াকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।