জাতীয় পার্টির ৬৫ প্রার্থীর মধ্যে সক্রিয় ৩৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির ৬৫ প্রার্থীর মধ্যে সক্রিয় ৩৮ জন
জাতীয় পার্টির ৬৫ প্রার্থীর মধ্যে সক্রিয় ৩৮ জন

‘জাতীয় পার্টি (জাপা) নির্বাচনে নেই—দলের চেয়ারম্যান এরশাদের পক্ষ থেকে এমন দাবি করা হলেও তিনিসহ জাপার ৬৫ জনের প্রার্থিতা এখনো বহাল আছে। তাঁদের মধ্যে ৩৮ জন নির্বাচনে অংশ নিতে সক্রিয় আছেন। সক্রিয় প্রার্থীদের মধ্যে ১০ জন ইতিমধ্যে নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণাও শুরু করেছেন। বাকি ২৮ জন কোনো নির্বাচনী তৎপরতায় নেই। তাঁদের মধ্যে এইচ এম এরশাদ এবং তাঁর ভাই ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদেরও রয়েছেন।

এর বাইরে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদসহ দলটির ২১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়ে গেছেন। এ ছাড়া দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দীন আহমেদ বাবলু ও সৈয়দ আবু হোসেন বাবলার আসনে আওয়ামী লীগের প্রার্থীরা সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ফিরোজ রশীদের মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মিজানুর রহমান দিপু গত শনিবার মারা গেছেন। ফলে ৫ জানুয়ারির নির্বাচনে তাঁদের জয়ও প্রায় নিশ্চিত।

জাপার দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, রওশন এরশাদের সঙ্গে থাকা দলীয় প্রার্থীদের মধ্য থেকে বাছাই করা কিছু নেতাকে নির্বাচনের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে। একটি গোয়েন্দা সংস্থা এ কাজে সহযোগিতা দিচ্ছে।
এদিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার আগে-পরে জাপার চেয়ারম্যান এরশাদ বারবার নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে আসছেন। সর্বশেষ গত শুক্রবার তাঁর সঙ্গে দেখা করে এসে সংবাদ সম্মেলন করেন জি এম কাদের। তিনি ওই দিন বলেন, এরশাদসহ তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। কিন্তু ‘টেকনিক্যাল’ কারণ দেখিয়ে তা গ্রহণ করা হয়নি। তবে তাঁরা নির্বাচনে নেই।

দলটির বিভিন্ন ধারার নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মনোনয়ন বহাল থাকা সত্ত্বেও জাপার নেতাদের একটি অংশ এরশাদের নির্দেশ মেনে নির্বাচন থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে। আরেকটি অংশ সরকারের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে আছে। এর বাইরে আরেকটি অংশ আছে, যারা দৃশ্যত এরশাদের সঙ্গে থাকলেও কার্যত নির্বাচনে আছে। সব মিলিয়ে জাপার নির্বাচনে থাকা না-থাকা নিয়ে দলের ভেতরে-বাইরে বেশ বিভ্রান্তি রয়েছে।

প্রচারণায় ১০ জন: জাপার কেন্দ্রীয় ও স্থানীয় একাধিক সূত্র জানায়, এরশাদের নির্দেশ অমান্য করেই জাপার গুরুত্বপূর্ণ ১০ জন নেতা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তাঁরা হলেন জিয়াউদ্দীন আহমেদ বাবলু (চট্টগ্রাম-৯), সালমা ইসলাম-(ঢাকা-১), কাজী ফিরাজ রশীদ (ঢাকা-৬), আবু হোসেন বাবলা (ঢাকা-৪), মুজিবুল হক চুন্নু (কিশোরগঞ্জ-৩), এম এ হান্নান (ময়মনসিংহ-২), হাফিজউদ্দিন আহম্মেদ (ঠাকুরগাঁও-৩), ইকবাল হোসেন রাজু (কুমিল্লা-৪), সোলায়মান শেঠ (খাগড়াছড়ি) ও জিয়াউল হক মৃধা (ব্রাহ্মণবাড়িয়া-২)।

সক্রিয় আরও ২৮ জন:
গতকাল পর্যন্ত প্রচারণায় না নামলেও ভেতরে ভেতরে আরও ২৮ জন নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় আছেন বলে জাপার বিভিন্ন পর্যায়ের সূত্রগুলো জানায়। তাঁরা হলেন আবু সালেক (পঞ্চগড়-১), কাজী ফারুক কাদের (নীলফামারী-৩), নুরুল আমিন বাচ্চু (বগুড়া-৪), মুহাম্মদ আলতাফ আলী (বগুড়া-৭), এনামুল হক (নওগাঁ-৪), মো. শাহাবুদ্দিন (রাজশাহী-৩), নাসিরউদ্দিন নাসিম হাওলাদার (বরিশাল-২), গোলাম কিবরিয়া টিপু (বরিশাল-৩), খোরশেদ আলম (শেরপুর-৩), আনোয়ার হোসেন খান (নেত্রকোনা-১), জসিম উদ্দিন ভূঁইয়া (নেত্রকোনা-৩), মো. ইয়াহইয়া চৌধুরী (সিলেট-২), আহমেদ রিয়াজউদ্দিন (মৌলভীবাজার-১), মহিবুল কাদের চৌধুরী (মৌলভীবাজার-২), শংকর পাল (হবিগঞ্জ-২), আতিকুর রহমান (হবিগঞ্জ-৩), আহাদ উদ্দিন চৌধুরী (হবিগঞ্জ-৪), রেজোয়ান আহমেদ (ব্রাহ্মণবাড়িয়া-১), মামুনুর রশীদ (ব্রাহ্মণবাড়িয়া-৫), জায়েদ আল মাহমুদ (কুমিল্লা-১), আকতার হোসেন (কুমিল্লা-৩), গোলাম মোস্তফা (কুমিল্লা-৯), সফিকুর রহমান (কুমিল্লা-৫), এম এ ছালাম (চট্টগ্রাম-৬), কামাল উদ্দিন চৌধুরী (চট্টগ্রাম-১১), সিরাজুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম-১২), তাহা ইয়াহ্ইয়া (চট্টগ্রাম-১৩) ও তপন চক্রবর্তী (চট্টগ্রাম-১৩)। এঁদের অনেকে এলাকায় পোস্টার লাগিয়েছেন।

জাপায় নানামুখী চরিত্র:
জাপার রাজনীতিতে সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমদু ও জিয়াউদ্দীন আহমদে বাবলু আগে থেকেই আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত ছিলেন। আর রওশন এরশাদ, কাজী ফিরোজ রশীদ ও আবু হোসেন বাবলাকে বিএনপিপন্থী বলা হতো। ৩ ডিসেম্বর এরশাদ সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর বনানীর কার্যালয়ে উচ্ছ্বসিত ফিরোজ রশীদ ও বাবলাকে কোলাকুলি করতে দেখা যায়। তখন উপস্থিত এই প্রতিবেদককে কাজী ফিরোজ বলেছিলেন, ‘ভাই, মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি। এভাবে একতরফা নির্বাচনে গিয়ে দেশটাকে শেষ করে দিতে পারি না।’

সেই ফিরোজ রশীদ গত বৃহস্পতিবার বলেছেন, ‘রওশন এরশাদের নেতৃত্বে আমরা নির্বাচন করব।’ ফিরোজ রশীদের হঠাৎ মোড় ঘুরে যাওয়ার কারণ সম্পর্কে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আহসান হাবিব বলেন, ‘ফিরোজ রশীদের ফাঁকা মাঠে এমপি হওয়ার খায়েশ জেগেছে।’

জাপার দায়িত্বশীল একাধিক নেতা জানান, দলের ভেতরে একটি অংশ আছে, যারা এরশাদ, রওশন ও সরকার—তিন কূল রক্ষা করে চলার চেষ্টা করছে। তাদের মধ্যে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, তাঁর স্ত্রী নাসরিন জাহান, সুনীল শুভ রায় রয়েছেন। রুহুল আমিন হাওলাদার কয়েক দিন ধরে সাংবাদিকদের এড়িয়ে চলছেন। তিনি ও তাঁর স্ত্রী নাসরিন জাহান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে দাবি করলেও, তা গৃহীত হয়নি। এর মধ্যে নাসরিন জাহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর রুহুল আমিন হাওলাদারের (পটুয়াখালী-১) প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শফিকুল ইসলাম গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

নিষ্ক্রিয় যাঁরা: এ ছাড়া মনোনয়নপত্র বহাল থাকলেও গতকাল পর্যন্ত এরশাদ (লালমনিরহাট-১ ও রংপুর-৩), জি এম কাদেরসহ (লালমনিরহাট-৩) ২৭ জন প্রার্থী বা তাঁদের পক্ষে এলাকায় কোনো নির্বাচনী তৎপরতা ছিল না। এই অংশের বাকিরা হলেন করিম উদ্দিন ভরসা (রংপুর-৪), নূর আলম মিয়া (রংপুর-৬), আবদুল কাদের খান (গাইবান্ধা-১), কামরুজ্জামান স্বাধীন (ঝিনাইদহ-৩), আবু বকর সিদ্দিকী (ভোলা-৩), নাসির উদ্দিন (ঝালকাঠি-১), মামুনুর রশীদ (জামালপুর-৪), হাফিজউদ্দিন (ময়মনসিংহ-১১), মনির হোসেন (ঢাকা-৫), এস এম আনোয়ার হোসেন (গাজীপুর-৪), মোহাম্মদ মোস্তফা জামান (নরসিংদী-১), জয়নাল আবেদীন চৌধুরী (নারায়ণগঞ্জ-১), আহাদ উদ্দিন চৌধুরী (হবিগঞ্জ-৮), দীপা মজুমদার (গোপালগঞ্জ-১), কাজী শাহীন (গোপালগঞ্জ-২), এ জেড অপু শেখ (গোপালগঞ্জ-৩), আনোয়ারুল কবির ওরফে রিন্টু আনোয়ার (ফেনী-৩), আনোয়ারুল আজিম (নোয়াখালী-৬), মাহমদুর রহমান (লক্ষ্মীপুর-১), বেলাল হোসেন (লক্ষ্মীপুর-৪), তাহা ইয়াহইয়া (কক্সবাজার-৪) ও রূপম দেওয়ান (রাঙামাটি)। তাঁদের মধ্যে ফেনী-৩ আসনে রিন্টু আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি, কিন্তু তা অজ্ঞাত কারণে গৃহীত হয়নি। অনেকটা জোর করে মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে। এর পরও আমি নির্বাচনে নেই।’