জাতীয় পুষ্টি পরিষদ ‘প্রায় অকার্যকর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পুষ্টি পরিষদ দেশের একটি সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষ। কিন্তু নিয়মিত সভা না হওয়া, জনবলের অভাবসহ বিভিন্ন সমস্যায় এটি এখন প্রায় নিষ্ক্রিয়। পুষ্টিবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেকের মতে, পরিষদের সভা না হওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এর প্রভাব পড়ছে জাতীয় পুষ্টি কার্যক্রমে। ১৯৯৮ সালের পর গত ১৪ বছরে পরিষদের কোনো সভা হয়নি। এতে সভাপতিত্ব করার কথা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতি প্রধানমন্ত্রীর। ছয় মাসে কমপক্ষে একবার এ সভা হওয়ার কথা। স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে পরিষদের নির্বাহী কমিটির সভা হওয়ার কথা তিন মাসে একবার। অথচ এর সর্বশেষ সভা হয় সেই ২০০৮ সালে। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার নেওয়া পুষ্টি কার্যক্রমের মধ্যে সমন্বয় করা পরিষদের অন্যতম কাজ। তবে দীর্ঘদিন সভা না হওয়ায় এটি জীবিত না মৃত, তা নিয়েই প্রশ্ন তুলছেন দেশের পুষ্টিবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। স্বাস্থ্যসচিব ও পুষ্টি পরিষদের সদস্যসচিব মো. হুমায়ুন কবির অবশ্য বললেন, পুষ্টি পরিষদের সভা না হলেও পুষ্টি কার্যক্রম থেমে নেই। ‘জাতীয় পুষ্টি সার্ভিস’-এর আওতায় আগের চেয়ে পুষ্টি কার্যক্রমের বিস্তৃতি ঘটেছে। পরিষদ দীর্ঘদিন ধরেই ‘প্রায় অকার্যকর’—এ কথা স্বীকার করে তিনি বললেন, এটি চালিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত জনবলও নেই। রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ যাত্রা শুরু করে ১৯৭৫ সালের ২৩ মে। ১৯৮০ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে পরিষদের স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা করা হয়। জাতীয় খাদ্য ও পুষ্টিনীতি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া এবং এর আলোকে সরকারি কর্মসূচি অনুমোদন করা এর কাজ। পরিষদের দায়িত্বের মধ্যে আরও রয়েছে পুষ্টির বিভিন্ন ক্ষেত্রে সুনির্দিষ্ট সমস্যা চিহ্নিত করা, প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি সৃষ্টি করা ও গণমাধ্যমের সহায়তায় জনসচেতনতা তৈরি করা। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, পরিষদের মূল কাজ হচ্ছে পুষ্টিসংক্রান্ত কার্যক্রমে নজরদারি করা। শিশু ও পুষ্টি বিশেষজ্ঞ এবং পুষ্টি পরিষদের স্থায়ী কারিগরি কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক এম কিউ কে তালুকদার পরিষদের গুরুত্ব তুলে ধরে একে চাঙা করার তাগিদ দিয়েছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘দেশের পুষ্টি কার্যক্রম চলছে লাগামহীনভাবে। লাগাম টেনে ধরার জন্যই পুষ্টি পরিষদকে সক্রিয় করা জরুরি। কিন্তু পরিষদের জন্ম থেকেই একটি বিরোধী শক্তি না বুঝেই এর বিরোধিতা করছে। এখন পরিষদ একদমই অকার্যকর। এ অবস্থায় আমি খুব উদ্বিগ্ন।’পরিষদের সাবেক সচিব এবং একই সঙ্গে উপসচিব ও পুষ্টিবিদের দায়িত্ব পালন করা মো. ইসহাক আলী প্রথম আলোকে বলেন, ‘পরিষদকে কার্যকর করার জন্য বিভিন্ন উদ্যোগ প্রধানমন্ত্রী অনুমোদন করেন এবং তা প্রস্তাব আকারে দিতেও বলেন। কিন্তু পরবর্তী সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো অজানা কারণে সে বিষয়গুলো ধামাচাপা পড়ে।’সিদ্ধান্তগুলো ঝুলে আছে: ১৯৯৮ সালের সভায় তখনকার (এবং বর্তমান) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্টি পরিষদের নিজস্ব ভবনের জন্য এক একর জমি বরাদ্দের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এ জন্য শেরেবাংলা নগরের মাস্টার প্ল্যানের ই-২৯ প্লটটি বরাদ্দের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে একাধিকবার তাগিদপত্র দিয়েও কাজ হয়নি। বর্তমানে মহাখালীর জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের দুটি কক্ষ ও বারান্দায় পরিষদের কাগজপত্রসহ জিনিসপত্র এক রকম স্তূপ করে রাখা হয়েছে। শেখ হাসিনা প্রথম দফা প্রধানমন্ত্রী থাকার সময় পরিষদ ও এর সমাপ্ত উন্নয়ন প্রকল্পের সর্বমোট ৪১টি জনবল প্রস্তাবিত জনবল কাঠামোতে অন্তর্ভুক্তি, জাতীয়ভাবে পুষ্টি সপ্তাহের কার্যক্রমকে চলমান রাখাসহ বিভিন্ন বিষয়ে জোর দিয়েছিলেন। কিন্তু এগুলো বাস্তবায়ন হয়নি। সর্বশেষ ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এ এম এম শওকত আলীর সভাপতিত্বে নির্বাহী কমিটির সভায় আলোচিত সিদ্ধান্তগুলোও এখনো বাস্তবায়িত হয়নি। এ সিদ্ধান্তগুলোর মধ্যে ছিল প্রতি পাঁচ বছরে পুষ্টি জরিপ পরিচালনা করা, পুষ্টি নিয়ে সক্রিয়ভাবে কর্মরত ব্যক্তিদের তালিকা তৈরি করে তাঁদের এ বিষয়ে সম্পৃক্ত করা, জেলা ও উপজেলা পর্যায়ে পুষ্টি কার্যক্রম সমন্বয় কমিটি গঠন ইত্যাদি। ‘বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদকে অধিকতর শক্তিশালীকরণ প্রকল্প’ নামের প্রকল্পটিও বাস্তবায়িত হয়নি। নির্ণয় করা হয়নি পরিষদের আইনগত মর্যাদা।জনবলের সমস্যা: সেন্টার ফর মেডিকেল এডুকেশনের পরিচালক অধ্যাপক ফাতেমা পারভিন চৌধুরী অতিরিক্ত দায়িত্ব হিসেবে পুষ্টি পরিষদের সচিবের দায়িত্ব পালন করছেন। উপসচিব, পুষ্টিবিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ফাঁকা। এ প্রসঙ্গে ফাতেমা পারভিন প্রথম আলোকে বলেন, ‘সচিব ছাড়া ১২ বা ১৩ জন কর্মচারী দিয়ে পরিষদের কাজ চলছে। অফিসার পর্যায়ের জনবল নিয়োগ ছাড়া এর কার্যক্রমকে গতিশীল করা সম্ভব নয়।’