জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে সমাবেশ
জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গতকাল বৃহস্পতিবার দিনাজপুরে মানববন্ধন ও নীলফামারীতে ও সমাবেশ করেছে । জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট দিনাজপুর ও নীলফামারী জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
গতকাল বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাব সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে দিনাজপুরের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন। কর্মসূচি শেষে শহরের আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জামানের নেতৃত্বে শিক্ষক-কর্মচারীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে ১৩ দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
িশক্ষকদের ১৩ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো সরকার ঘোষিত নতুন পে-স্কেল স্বয়ংক্রিয়ভাবে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে হবে, সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা দিতে হবে, বেসরকারি কলেজে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষকদের এমপিওভুক্ত করতে হবে, সব ধরনের বেসরকারি শিক্ষাকে জাতীয়করণ করতে হবে, বেসরকারি একটি কলেজে সাতজন জ্যেষ্ঠ শিক্ষকের মধ্যে দুজনকে অধ্যাপক করার সরকারি অনুপাত (৫:২) প্রথা বাতিল করতে হবে, বেসরকারি কলেজগুলোতে চাকরি করে এমন এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকদের উচ্চতর স্কেলে বেতন দিতে হবে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নীলফামারীর স্থানীয় শহীদ মিনার চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট নীলফামারী জেলা শাখার আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরোয়ার মানিক। এ সময় বক্তৃতা করেন সংগঠনের সদস্যসচিব চওড়া বড়গাছা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি মোজাহারুল হক, সাংগঠনিক সম্পাদক সুধীর রায়, সোনারায় সংগলশী কলেজের অধ্যক্ষ আবদুল মজিদ প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের কিছু পদক্ষেপে শিক্ষার মানের বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। কিন্তু বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জীবনমানের তেমন পরিবর্তন ঘটেনি। এসব শিক্ষক আজও ৫০০ টাকা বাড়িভাড়া, ৩০০ টাকা চিকিৎসাভাতা এবং ২৫ ভাগ উৎসব ভাতার আওতায় রয়েছেন। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের জীবনমান উন্নয়নে সব এমপিওভুক্ত শিক্ষকের জাতীয় পে-স্কেলের আওতায় আনতে হবে। সমাবেশ শেষে তাঁরা এ দাবির বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন।