জাতীয় প্যারেড স্কয়ারে মনোজ্ঞ কুচকাওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল রোববার জাতীয় প্যারেড স্কয়ারে এক মনোজ্ঞ কুচকাওয়াজের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন। খবর বাসসের।তিন বাহিনীর বিভিন্ন কোর ও কন্টিনজেন্ট, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ বর্ডার গার্ডসহ (বিজিবি) আধা সামরিক বাহিনীর সদস্য, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, কারারক্ষী, ফায়ার সার্ভিস ও বিভিন্ন মন্ত্রণালয় এতে অংশ নেয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন ৪২তম বিজয় দিবস উপলক্ষে এই কুচকাওয়াজের আয়োজন করে। স্বাধীনতার পর থেকে দেশের সব অর্জনের বিস্তারিত প্রদর্শন করা হয় এই কুচকাওয়াজ অনুষ্ঠানে। অনুষ্ঠানের অভিবাদন-মঞ্চে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী ও নৌবাহিনীর প্রধান কমোডর জহির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। লেফটেন্যান্ট জে. (অব.) ভি কে সিং (পিভিএসএম) ও তাঁর স্ত্রীসহ ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ গ্রহণের জন্য ঢাকায় আসা মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরাও কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী বীর বিক্রম কুচকাওয়াজ পরিচালনা করেন।বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কন্টিনজেন্ট প্রথমবারের মতো নতুন করে সংযুক্ত অত্যাধুনিক উইপন লোকেটিং রাডার এসএলসি-২, আটটি এমবিটি-২০০০ ট্যাংক, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড সালভেজ ফোর্সের জন্য ডিফেন্ডার ক্লাস বোট এবং বিমানবাহিনীর সার্ফেস টু এয়ার মিসাইল প্যারেডে প্রদর্শন করা হয়। তিন বাহিনীর বিভিন্ন কন্টিনজেন্ট ও কোরের একদল সেনাসদস্য এযাবৎকালের বৃহত্তম ২০০ ফুট দৈর্ঘ্যের ও ১২০ ফুট প্রস্থের জাতীয় পতাকা নিয়ে প্যারেডে অংশ নেন। একটি চলমান গাড়িতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা ‘জয় বাংলা, বাংলার জয়’ সংগীত পরিবেশন করেন। বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত ব্যক্তিদের পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বিপুলসংখ্যক সাধারণ দর্শক প্যারেড স্কয়ারের অস্থায়ী গ্যালারি থেকে দুই ঘণ্টাব্যাপী এই মনোমুগ্ধকর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।