জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ আজ শুরু
‘জাতির জন্য অহংকার, এক শত ভাগ ভর্তির হার’—প্রতিপাদ্য সামনে রেখে আজ সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে সেরা বিভাগ হিসেবে বরিশাল, শীর্ষ জেলা হিসেবে মুন্সিগঞ্জ, জাতীয়ভাবে সেরা পাঁচটি উপজেলা ও প্রত্যেক বিভাগে শীর্ষ স্থানে থাকা একটি করে উপজেলাকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি শ্রেষ্ঠ শিক্ষকসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী।এর বাইরে সারা দেশেই শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা ধরনের অনুষ্ঠান হবে। এ বিষয়ে দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। তাঁরা দুজনই এই সপ্তাহের সাফল্য কামনা করেছেন।