জাতীয় প্রেসক্লাব থেকে কাদের মোল্লা ও কামারুজ্জামানের সদস্যপদ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত জামায়াতের দুই নেতা আবদুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামানের সদস্যপদ বাতিল করেছে জাতীয় প্রেসক্লাব। গতকাল বুধবার ক্লাবের ব্যবস্থাপনা কমিটির এক সভায় সর্বসম্মতভাবে তাঁদের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চ থেকে গত শুক্রবার জাতীয় প্রেসক্লাব থেকে ওই দুজনের সদস্যপদ বাতিলের দাবি জানানো হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৫ ফেব্রুয়ারি আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। ওই ট্রাইব্যুনালে কামারুজ্জামানের বিরুদ্ধে মামলা বিচারাধীন। কবে এবং কী যোগ্যতায় কাদের মোল্লা ও কামারুজ্জামান সদস্যপদ পেয়েছিলেন, সে-সংক্রান্ত নথিপত্র প্রেসক্লাবের কার্যালয়ে গতকাল খুঁজে পাওয়া যায়নি। তবে কার্যালয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৮৩-৮৪ সালে ওই দুজন সদস্যপদ পেয়েছিলেন। ক্লাবে সংরক্ষিত তালিকা অনুযায়ী তখন প্রেসক্লাবের সভাপতি ছিলেন গিয়াস কামাল চৌধুরী। সাধারণ সম্পাদক ছিলেন শফিকুর রহমান। জাতীয় প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০০৪ সালে প্রকাশিত সদস্য চরিতাভিধান-এ দেখা যায়, মোহাম্মদ কামারুজ্জামান ১৯৮০ সালের ১ জানুয়ারি জামায়াতের দলীয় সাপ্তাহিক সোনার বাংলায় সাংবাদিকতা শুরু করেন। তিনি মিরপুর ১১ নম্বর সেকশনে সাংবাদিক আবাসিক এলাকায় একটি প্লটও পান। সেখানে ৪ নম্বর সড়কে তাঁর বাড়িও রয়েছে।স্বল্প পঠিত একটি দলীয় সাপ্তাহিকে সাংবাদিকতা শুরুর বছর তিনেকের মধ্যেই জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ লাভের যে সুযোগ কামারুজ্জামান পেয়েছেন, তা খুব কম লোকেরই হয়েছে। উঁচু মানের সাংবাদিক হিসেবে দেশে-বিদেশে সুপরিচিত অনেক ব্যক্তি জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ পাননি বা পাচ্ছেন না। সদস্য চরিতাভিধান-এ আবদুল কাদের মোল্লার কোনো পরিচিতি প্রকাশিত হয়নি। ক্লাব কার্যালয় সূত্র জানায়, প্রকাশের জন্য তিনি তথ্যাদি সরবরাহ করেননি। জাতীয় প্রেসক্লাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবস্থাপনা কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, গঠনতন্ত্রের ১৩(ক), ১২(ক) ও ৩৪ অনুচ্ছেদ মোতাবেক ক্লাবের ওই দুজন সদস্যের স্থায়ী সদস্যপদ বাতিল করা হলো।