জাতীয় প্রেসক্লাবে নতুন কমিটির কাজ করতে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটিকে সাবেক কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের আদেশের বিরুদ্ধে করা রিভিশন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে নতুন কমিটির কার্যক্রম চালাতে আর বাধা রইল না। ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এই রিভিশন আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতে বিচারাধীন মূল মামলাটি ৫৪ দিনের মধ্যে নিষ্পত্তির আদেশ দেন। গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রেসক্লাব নির্বাচনে জয়ী ও পরাজিত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। একই সঙ্গে দায়িত্ব হস্তান্তর নিয়ে নির্বাচনে বিজয়ীদের জেলা জজ আদালতে করা আবেদন ৩১ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করার নির্দেশনা দেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী জেলা জজ আদালত গতকাল রিভিশনের শেষে এ আদেশ দেন। গত ৫ জানুয়ারি প্রেসক্লাব নির্বাচনকে অবৈধ ঘোষণা ও নবনির্বাচিত কার্যকরী কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা চেয়ে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী গোলাম সারওয়ার এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাইফুল আলম এ মামলা করেন। এদিকে গতকাল সোমবার প্রথম আলোয় প্রকাশিত ‘ক্ষমতা হস্তান্তরসংক্রান্ত আদেশের বৈধতা নিয়ে শুনানি অব্যাহত’ খবরে ভুলবশত ওসমান গনিকে বাদী পক্ষের আইনজীবী হিসেবে উল্লেখ করা হয়েছে, প্রকৃতপক্ষে তিনি বিবাদী পক্ষের আইনজীবী।