জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের পর সাংবাদিক নেতারা। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: প্রথম আলো
জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের পর সাংবাদিক নেতারা। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: প্রথম আলো

জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের লবির পূর্ব পাশের দেওয়ালে প্রতিকৃতিটি স্থাপন করা হয়। বাসসের এক সংবাদে এ তথ্য জানা গেছে।
আজ সকালে সাংবাদিক নেতারা আনুষ্ঠানিকভাবে এ প্রতিকৃতির উন্মোচন করেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিকৃতি উন্মোচনের পর উপস্থিত সাংবাদিকেরা ‘জাতির পিতা বঙ্গবন্ধু, লও লও লও সালাম’, ‘বঙ্গবন্ধুর রক্ত বৃথা যেতে দেব না’ বলে স্লোগান দেন।
এ সময় ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুই জাতীয় প্রেসক্লাবের জন্য এ জায়গাটি দান করেছিলেন। কিন্তু এত দিন আমরা তাঁর মর্যাদা দিতে পারিনি। এটি ছিল আমাদের জন্য লজ্জার। তবে প্রেসক্লাবের জন্য আজ এক স্মরণীয় দিন।’
জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান বলেন, বঙ্গবন্ধুর শাহাদাতের ৪০ বছর পর জাতীয় প্রেসক্লাবে তাঁর প্রতিকৃতি স্থাপিত হলো। স্বাধীনতা বিরোধী শক্তি এত দিন প্রেসক্লাবে তৎপর ছিল বলে শত চেষ্টা করেও বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা যায়নি। আজ দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হলো। এর মধ্য দিয়ে সাংবাদিক সমাজ গ্লানি ও লজ্জা থেকে রেহাই পেল।

বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচনের পর দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন, দোয়া ও মোনাজাত করা হয়। পরে জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সাংবাদিকদের পক্ষ থেকে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানো হয়।