জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশে হামলা
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি ঘিরে গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে ছিল প্রায় দিনভর উত্তেজনা। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হামলায় পণ্ড হয়ে যায় প্রেসক্লাব চত্বরে বিএনপি-জামায়াতপন্থী সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ।
সকাল থেকেই প্রেসক্লাবের সব ফটকে পুলিশ অবস্থান নেয়। প্রধান ফটকের ছোট অংশটি দিয়ে আসা সবার পরিচয় জেনে ঢুকতে দেয় পুলিশ। সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে—এ অভিযোগ তুলে বেলা ১১টার দিকে প্রধান ফটকে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতপন্থী সাংবাদিকদের বাগিবতণ্ডা হয়।
এর কিছুক্ষণ পরই বিএনপি-জামায়াতপন্থী সাংবাদিকদের শীর্ষস্থানীয় নেতা রুহুল আমিন গাজী ক্লাবের নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিয়ে প্রধান ফটকটি খুলে দেন। এ পর্যায়ে পুলিশের সঙ্গে সাংবাদিকদের আরেক দফা তর্কাতর্কি ও ধাক্কাধাক্কি হয়। পরে আওয়ামী লীগপন্থী সাংবাদিকেরা অভিযোগ করেন, ফটক খুলে দেওয়ার কারণে সাংবাদিকদের সঙ্গে কিছু বহিরাগতও প্রেসক্লাবে প্রবেশ করেন।
এদিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিএনপি-জামায়াতপন্থী নেতা-কর্মীরা প্রেসক্লাব প্রাঙ্গণে শুরু করেন সমাবেশ। তাঁদের ব্যানারে লেখা ছিল ‘বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ’।
সমাবেশ চলাকালে দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে একটি মিছিল প্রেসক্লাবের সামনের রাস্তা অতিক্রম করছিল। মিছিলকারীদের হাতে জাতীয় পতাকায় বাঁধা লাঠি, ক্রিকেটের স্ট্যাম্প এবং কাঠ ও বাঁশের লাঠি ছিল। মিছিলটি থেকে স্লোগান দেওয়া হয় ‘পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান। একটা-দুইটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’।
প্রেসক্লাবের ভেতরের সমাবেশ থেকেও এ সময় স্লোগান দেওয়া হয় ‘শেখ হাসিনার গদিতে, আগুন জ্বালো একসাথে’। একপর্যায়ে আওয়ামী লীগের মিছিল থেকে সেখানে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। লাঠি দিয়ে বাইরে টানানো মাইক ভেঙে ফেলা হয়। প্রেসক্লাবের মূল ফটকেও লাঠি দিয়ে আঘাত করা হয়।
ক্লাবের ভেতর থেকেও পাল্টা ইটপাটকেল ছোড়েন বিএনপি-জামায়াতপন্থী সাংবাদিকেরা। প্রায় ১৫-২০ মিনিট এ অবস্থা চলতে থাকে। একপর্যায়ে তাঁরা প্রেসক্লাবের বারান্দা ও মিলনায়তনের ভেতরে ঢুকে যান। এ সময় পুলিশ ছিল প্রায় নিষ্ক্রিয়। পরে পুলিশ মিছিলকারীদের সরিয়ে দিলে তাঁরা পররাষ্ট্র মন্ত্রণালয়সংলগ্ন ফোয়ারা ও প্রেসক্লাবের বিপরীতে বিএমএ ভবনের সামনে অবস্থান নেন।
দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে সরকার-সমর্থক সাংবাদিকেরা প্রেসক্লাবের ভেতরে জমায়েত হন। পরে তাঁরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। কিছুক্ষণের মধ্যেই বিএনপি-জামায়াতপন্থী সাংবাদিকেরাও পাল্টা স্লোগান দেন। এ সময় দুই পক্ষের পরস্পরবিরোধী স্লোগানে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। আবার ক্লাবের বাইরে থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও ইটপাটকেল ছোড়া শুরু করেন। পুলিশ তাঁদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়ে আসে।
বেলা পৌনে একটার দিকে ইকবাল সোবহান চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক শাবান মাহমুদসহ আওয়ামী লীগপন্থী সাংবাদিকদের সমাবেশে উপস্থিত মফিজুল ইসলামের মাথায় একটি ইটের টুকরা পড়ে। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের কোষাধ্যক্ষ।
আওয়ামী লীগপন্থী সাংবাদিকদের অভিযোগ, বিএনপি-জামায়াতপন্থী সাংবাদিকদের ছোড়া ইটের আঘাতে মফিজুল আহত হয়েছেন। সাংবাদিক নামধারী কিছু বহিরাগত প্রেসক্লাবে ঢুকে এ ধরনের নাশকতা চালাচ্ছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান জানান, ‘আমরা বন্ধ গণমাধ্যম খোলার দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম। প্রেসক্লাবের ভেতরে নিয়মিত এ ধরনের সমাবেশ হয়। কিন্তু হঠাৎ করে সরকারদলীয় নেতা-কর্মীরা মিছিল নিয়ে এসে ইটপাটকেল ছুড়ে সমাবেশ পণ্ড করে দিয়েছে। আমরা এর নিন্দা জানাই।’
বহিরাগতদের বিষয়ে জানতে চাইলে ইলিয়াস খান বলেন, ‘এখানে আমাদের সঙ্গে সংহতি জানাতে অনেকেই এসেছেন। চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করতে এসেছেন। তাঁদের বহিরাগত বলা কতটা সমীচীন, আমি জানি না।’ মফিজুল ইসলামের আহত হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এটা নিন্দনীয়। আমরা সাংবাদিকেরা সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে চাই।’
আটক: সকাল সাড়ে নয়টার দিকে মনিরা বেগম নামের এক নারী প্রেসক্লাবের সামনে এসে নিজেকে কাজী জাফরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য পরিচয় দেন। পুলিশ তাঁকে আটক করে।
১০টার দিকে কণ্ঠশিল্পী বেবী নাজনীন যান প্রেসক্লাবের ফটকে। তাঁকে পুলিশের পক্ষ থেকে বলা হয়, প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করতে চাইলে আটক হতে হবে। আর বাসায় গেলে চলে যেতে পারেন। বেবী নাজনীন বাসার পথেই রওনা দেন।
সাড়ে ১১টার দিকে নাজনীন হোসেন নামের এক নারী প্রেসক্লাবের সামনে এলে তাঁকেও আটক করে পুলিশ। নাজনীন নিজেকে আইনজীবী বলে দাবি করেন। নাজনীনকে নিয়ে যাওয়ার পর খোরশেদা নামের আরেক নারীকে কান্নাকাটি করতে দেখা যায়। জানতে চাইলে তিনি বলেন, তিনি নাজনীনের বাসায় কাজ করেন। শ্যামলীতে বাসা। কিন্তু তিনি বাসায় যাওয়ার পথ চেনেন না।
এর কিছুক্ষণ আগে আরেক ব্যক্তিকে পুলিশ ভ্যানে তোলার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু নিজেকে সুপ্রিম কোর্টের আইনজীবী দাবি করলে পুলিশ তাঁকে ছেড়ে দেয়। সকাল নয়টা থেকে বেলা ১১টার মধ্যে প্রেসক্লাবের সামনে থেকে পুলিশ আট-দশজনকে আটক করে।