জাতীয় প্রেসক্লাবে ৩১ তলা মিডিয়া সেন্টার হবে
জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি অত্যাধুনিক ৩১তলা ভবন নির্মাণ করবে। ওই ভবনটির নাম হবে মিডিয়া সেন্টার, যার একটি তলায় গণমাধ্যম জাদুঘর থাকবে।
জাতীয় প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় এই মিডিয়া সেন্টার নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। গতকাল বুধবার সকাল ১০টায় ক্লাব মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান।
সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পড়ে শোনান ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী। কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন করেন কার্তিক চ্যাটার্জি।
সভায় ক্লাবের নিরীক্ষা প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। সভায় বক্তব্য দেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, গণমাধ্যম বিশেষজ্ঞ মুহাম্মদ জাহাঙ্গীর, সাংবাদিক নেতাদের মধ্যে মনজুরুল আহসান বুলবুল, ওমর ফারুক, কুদ্দুস আফ্রাদ, গোলাম মহিউদ্দিন খান, সৈয়দ মেজবাহউদ্দিন, ফরিদা ইয়াসমীন প্রমুখ।