জাতীয় প্রেসক্লাবের অচলাবস্থা কাটেনি, পৃথক পৃথক সভা
জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন নিয়ে সৃষ্ট অচলাবস্থা কাটেনি। গতকাল বুধবার ক্লাবে বিভিন্ন পক্ষ আলাদা করে সভা করেছে। ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ক্লাবের গণতান্ত্রিক ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সদস্যদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
গত বছরের ৩০ ডিসেম্বর ক্লাবের সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল। এরপর তিনবার নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলেও নির্বাচন হয়নি। সর্বশেষ ২৯ মে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। এতে সরকার-সমর্থক ও বিরোধী দুই পক্ষের তরফ থেকে ব্যবস্থাপনা কমিটির ১৭টি পদ ভাগাভাগি করে সমঝোতার ভিত্তিতে নির্বাচনের চেষ্টা চালানো হয়। তবে সে চেষ্টাও ভেস্তে যায়। এই পরিপ্রেক্ষিতে ১৭ মে ছয় সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে পদত্যাগ করলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে।
এদিকে ব্যবস্থাপনা কমিটি ২৫ ও ২৬ মে সভা করে ২৮ মে অনুষ্ঠেয় দ্বিবার্ষিক সাধারণ সভা স্থগিত ঘোষণা করে এবং ২৭ জুন অতিরিক্ত সাধারণ সভা আহ্বান করে। এই পরিপ্রেক্ষিতে গতকাল উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে সরকার-সমর্থক ফোরাম, শওকত মাহমুদের সভাপতিত্বে বিএনপি-জামায়াত সমর্থক ফোরাম এবং আমানউল্লাহ কবিরের সভাপতিত্বে জাতীয়তাবাদী ধারার একটি ফোরাম আলাদা সভা করেছে। এই সভাগুলোতে কোনো কোনো অংশ দ্বিবার্ষিক সাধারণ সভা আয়োজনের পক্ষেও মত দেয়।
এদিকে ক্লাবের ব্যবস্থাপনা কমিটিও গতকাল একটি জরুরি সভা করেছে সভাপতি কামাল উদ্দিন সবুজের সভাপতিত্বে।