জাতীয় প্রেসক্লাবের অনিয়মের শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্য অডিট ফার্মের মাধ্যমে জাতীয় প্রেসক্লাবের অনিয়ম-দুর্নীতি তদন্ত করে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সমঝোতার মাধ্যমে গঠিত নতুন ব্যবস্থাপনা কমিটি। গতকাল রোববার ক্লাবের সভাকক্ষে শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে বিএনপি-জামায়াত সমর্থক সাংবাদিকদের ফোরাম দখলদারির প্রতিবাদে আজ সোমবার ক্লাবে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল ফোরামের সভায় সমঝোতায় গঠিত কমিটিকে ‘দখলদার’ আখ্যা দিয়ে ওই কমিটিকে বর্জন করার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ।
তালা ভেঙে কক্ষ দখলের কথা উল্লেখ করে মেয়াদোত্তীর্ণ কমিটির পক্ষ থেকে গতকাল শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ওই কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এই ডায়েরি করেন। জানতে চাইলে আবদাল আহমদ ডায়েরি করার কথা উল্লেখ করে বলেন, কারও নাম উল্লেখ না করে তিনি কতিপয় ব্যক্তির বিরুদ্ধে ৩০ মে তাঁর কক্ষ দখলের কথা উল্লেখ করেছেন।
এদিকে সমঝোতা কমিটির সভায় ক্লাবের কোষাধ্যক্ষ কার্তিক চাটার্জিকে আহ্বায়ক, জ্যেষ্ঠ সদস্য আজিজুল ইসলাম ভূঁইয়া এবং দুই যুগ্ম সম্পাদক ইলিয়াস খান ও আশরাফ আলীকে সদস্য করে নিরীক্ষা প্রতিবেদনসংক্রান্ত সাব-কমিটি গঠন করা হয়।
এ ছাড়া যোগ্যদের সদস্যপদ দেওয়া এবং এই প্রক্রিয়া অব্যাহত রাখারও সিদ্ধান্ত নেয় নতুন কমিটি। এ লক্ষ্যে জ্যেষ্ঠ সহসভাপতি মনজুরুল আহসান বুলবুলকে আহ্বায়ক করে বাছাই উপকমিটি গঠন করা হয়।
ক্লাবের সার্বিক শৃঙ্খলা রক্ষায় ক্লাবের প্রবেশ ফটকগুলোতে পেশাদার নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। সার্বিক বিবেচনায় অপচয় রোধ করে খাবারের দাম সহনীয় পর্যায়ে রাখার সিদ্ধান্ত হয়। সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী সভায় ক্লাবের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
গত বছরের ডিসেম্বরে প্রেসক্লাবের দ্বিবার্ষিক সভা ও নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনের পরিবর্তে সরকার-সমর্থক ও সরকারবিরোধী সাংবাদিকদের ফোরাম প্রায় পাঁচ মাস ধরে সমঝোতা কমিটি গঠনের চেষ্টা করে। সম্প্রতি এই প্রক্রিয়া ভেঙে গেলে সরকার-সমর্থক এবং জামায়াত বাদে বিএনপি-সমর্থক একটি অংশ মিলে সমঝোতা কমিটি হয়।