জাতীয় প্রেসক্লাবের নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের একুশতম দ্বিবার্ষিক সাধারণ সভা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও সহসভাপতি মনজুরুল আহসান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট, কোষাধ্যক্ষের রিপোর্ট ও অডিট রিপোর্ট নিয়ে আলোচনা শেষে সর্বসম্মতভাবে গৃহীত হয়।

সভায় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী ও কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জি যথাক্রমে সাধারণ সম্পাদকের রিপোর্ট ও কোষাধ্যক্ষের রিপোর্ট উপস্থাপন করেন এবং এ বিষয়ে সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সাধারণ সভায় সভাপতির বক্তব্যে সভাপতি শফিকুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে আগামী দিনে ৩১ তলা বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স স্থাপনসহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সব সদস্যের প্রতি আহ্বান জানান।

আজ সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে জাতীয় প্রেসক্লাবের বর্তমান সভাপতি শফিকুর রহমানের নেতৃত্বাধীন শফিকুর রহমান-ফরিদা ইয়াসমিন পরিষদ এবং আজিজ-গনি পরিষদ পূর্ণ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ ছাড়া সভাপতি পদে খন্দকার মনিরুল আলমের নেতৃত্বাধীন একটি অংশ এবং বর্তমান সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে অপর একটি অংশ নির্বাচনে অংশগ্রহণ করছে।