জাতীয় প্রেসক্লাবের বর্তমান কমিটি কার্যক্রম চালাতে পারবে
জাতীয় প্রেসক্লাবের বর্তমান কমিটির কার্যক্রম পরিচালনায় হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এতে জাতীয় প্রেসক্লাবের বর্তমান কমিটি যথারীতি তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
গত বছরের মে মাসে মুহাম্মদ শফিকুর রহমানকে সভাপতি ও কামরুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে প্রেসক্লাবের একাংশের সাধারণ সভায় নতুন কমিটি গঠিত হয়। তখন কামাল উদ্দিন সবুজ ও সৈয়দ আবদাল আহমদের নেতৃত্বাধীন আগের কমিটি আদালতে যায়। তাদের একটি আবেদনের শুনানি শেষে গত বছরের ৬ আগস্ট নতুন কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা দেন।
হাইকোর্টের ওই আদেশের পরপরই নতুন কমিটি আপিল বিভাগের চেম্বার আদালতে যান। চেম্বার আদালত হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেন। চেম্বার বিচারপতির আদেশের ধারাবাহিকতায় আবেদনকারী পক্ষ আপিল বিভাগে নিয়মিত লিভ টু আপিল করলে ২৫ জুলাই শুনানির জন্য ওঠে। কিন্তু সেদিন আবেদনকারীর পক্ষের একজন কৌঁসুলি আদালতে বলেন, আবেদনটি অকার্যকর হয়ে গেছে। পরে আপিল বিভাগও সেদিন লিভ টু আপিল অকার্যকর বলে খারিজ করে দেন। পরে ২৫ জুলাই এর আদেশ প্রত্যাহার (রিকল) চেয়ে আদালতে আরেকটি আবেদন করা হয়। আজ বুধবার এ ব্যাপারে শুনানি হয়।
আদালতে বর্তমান কমিটির সভাপতির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম। সঙ্গে ছিলেন আইনজীবী একরামুল হক টুটুল। অপর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
এ বিষয়ে আইনজীবী একরামুল হক টুটুল প্রথম আলোকে বলেন, হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে চেম্বার বিচারপতির দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ‘রিকল’ আবেদনটি নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের দেওয়া রুল খারিজ করে নিম্ন আদালতের মামলাটি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। এতে জাতীয় প্রেসক্লাবের বর্তমান কমিটি যথারীতি তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।