জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ১৪ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গতকাল সোমবার জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে ১৪ জনকে আটক করেছে পুলিশ। নাশকতার চেষ্টার অভিযোগে আটক এই ১৪ জনকে শাহবাগ থানায় নেওয়া হয়।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল বলেন, আটক ব্যক্তিরা দাবি করেছেন, তাঁরা জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে নবধারা নামের একটি সংগঠনের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। কিন্তু তাঁরা ওই অনুষ্ঠানে যোগ না দিয়ে প্রেসক্লাবের ফটকে জড়ো হয়ে মিছিল করার চেষ্টা চালান। নাশকতার পরিকল্পনা থাকতে পারে, এমন সন্দেহে সকাল ১০টার দিকে তাঁদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের বক্তব্যের তথ্যে গরমিল পাওয়ায় তাঁদের শাহবাগ থানায় নেওয়া হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বলেন, সন্দেহভাজন হিসেবে ওই ১৪ জনকে আটকের পর আরও যাচাই করা হচ্ছে। নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে মামলা হবে। কিছু পাওয়া না গেলে তাঁদের ছেড়ে দেওয়া হতে পারে।

পুলিশ জানায়, বিজয় দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ ও এর আশপাশের এলাকায় বেশ কিছু কর্মসূচি ও গণজমায়েত ছিল।