জাতীয় বন্ধু সম্মেলনের প্রস্তুতি বৈঠক
প্রথম আলো বন্ধুসভার জাতীয় বন্ধু সম্মেলন ঘিরে সারা দেশের বন্ধুদের মাঝে তৈরি হয়েছে প্রাণের উচ্ছ্বাস। এ সম্মেলন ১০ অক্টোবর শনিবার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সম্মেলন সামনে রেখে প্রতিদিনই বৈঠকে বসছেন জাতীয় বন্ধু সম্মেলন উদ্যাপন পর্ষদের সদস্যরা।
এর অংশ হিসেবে গতকাল বুধবার বিকেলে তাঁরা প্রথম আলোর কার্যালয়ে সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে সম্পাদককে অবহিত করা হয়। সারা দেশের প্রায় ১৫০টি বন্ধুসভার ৫০০ জন বন্ধু এ সম্মেলনে অংশ নেবেন। ওই দিন সবগুলো বন্ধুসভার কমিটির নতুন মেয়াদ শুরু হবে। গতকালের বৈঠকে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ও ঢাকা মহানগর কমিটি গঠন সম্পর্কে আলোচনা করা হয়, যা সম্মেলনের দিন ঘোষণা করা হবে।
সম্পাদক মতিউর রহমান বন্ধুসভা নিয়ে তাঁর ভাবনা তুলে ধরে বলেন, বন্ধুসভার সদস্যদের তাঁদের কাজের মাধ্যমে নিজ নিজ ক্ষেত্রে নেতৃত্ব গ্রহণ করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ জন্য বন্ধুদের তিনি আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে এবং বেশি বেশি বই পড়ার প্রতি মনোযোগী হতে বলেন।
বৈঠকে দিনব্যাপী সম্মেলনের অনুষ্ঠানসূচি সম্পর্কে আলোচনা করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাইদুজ্জামান রওশন, হাসান মাহমুদ, শান্তা তাওহিদা, শাকিল মাহবুব, সজিব মিয়া, আহমেদ রেজাউল করিম, দেবলিনা সুর, শাহিন মাহফুজ, অনিক সাহা, সাব্বির শেখ, অমিত হাসান, মৌসুমী মৌ, মীর লোকমান ও রশিদুল হাসান। বিজ্ঞপ্তি।