জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা বিতর্ক প্রতিযোগিতা আজ শেষ হচ্ছে
‘প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল’ স্লোগান সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে প্রথম জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা বিতর্ক প্রতিযোগিতা। গত রোববার থেকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয়। আজ শুক্রবার এ প্রতিযোগিতা শেষ হওয়ার কথা।
স্কুলপর্যায়ে এ প্রতিযোগিতায় ফরিদপুর জিলা স্কুল, ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সহ ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩৪টি দল অংশ নেয়। কলেজপর্যায়ে সরকারি রাজেন্দ্র কলেজসহ জেলার বিভিন্ন কলেজ থেকে আটটি দল অংশ নেয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৬টি দল অংশগ্রহণ করছে।
এ প্রতিযোগিতার আয়োজন করেছে ফরিদপুর ডিবেট ফোরাম। সহযোগিতা করছে ফরিদপুর পৌরসভা, প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ ও সোসাইটি ফর দ্য আরবান পুওর (এসইউপি)।
দুই পর্বে বিভক্ত এই আয়োজনের প্রথম পর্ব বিতর্ক প্রতিযোগিতা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় গত বুধবার পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় পর্ব বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে কবি জসিমউদ্দীন হলে। আজ শুক্রবার এ প্রতিযোগিতা শেষ হবে।
ফরিদপুর ডিবেট ফোরামের সভাপতি বৃন্ত দাস বলেন, ফরিদপুর ডিবেট ফোরাম ১০ম জাতীয় বিতর্ক উৎসব উপলক্ষে ফরিদপুর পৌরসভা, প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ ও সোসাইটি ফর দ্য আরবান পুওরের সহযোগিতায় ‘প্রথম জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে।