জনগণের অংশগ্রহণমূলক জাতীয় বাজেটের জন্য বাজেট প্রণয়ন প্রক্রিয়া গণতান্ত্রিক হওয়া প্রয়োজন। এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এ ছাড়া দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়। গত বুধবার সকালে রাজশাহী শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে ‘আগামী বাজেটে উত্তর পশ্চিমাঞ্চলের জনগণের প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা এসব কথা বলেন। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. জামাত খানের সভাপতিত্বে সংলাপে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহম্মদ নুরুল্লাহ, আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকতার জাহান, রাজশাহী সিটি করপোরেশনের এক নম্বর প্যানেল মেয়র সরিফুল ইসলাম ও উন্নয়ন গবেষক মোনোয়ার মুস্তাফা প্রমুখ উপস্থিত ছিলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ইলিয়াস হোসেন ও নীতি বিশ্লেষক আমানুর রহমান। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ, গণতান্ত্রিক বাজেট আন্দোলন ও অ্যাকশন এইডের যৌথ উদোগে এ সংলাপের আয়োজন করা হয়। বক্তারা বলেন, জাতীয় বাজেটে জনমতের প্রতিফলন পেতে হলে প্রথমেই দরকার একটি গণতান্ত্রিক বাজেট প্রক্রিয়া প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন। এ ক্ষেত্রে প্রশাসনিক কাঠামোর কোন স্তর থেকে বাজেট বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া শুরু হবে তা বিস্তারিত বিশ্লেষণ ও জনপর্যালোচনার দাবি রাখে।