দেশের বঞ্চিত ও আদিবাসী জনগোষ্ঠীর জন্য জাতীয় বাজেটে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন বরাদ্দ দিতে হবে। সমাজের একটি গোষ্ঠীকে পেছনে ফেলে সার্বিক উন্নতি হতে পারে না। বাজেট ঘোষণার প্রাক্কালে নীতিনির্ধারকদের এ বিষয়টি গভীরভাবে ভেবে দেখতে হবে।‘জাতীয় বাজেট ও আদিবাসী’ শীর্ষক সেমিনারে বক্তারা গতকাল এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা কাপেং ফাউন্ডেশনের উদ্যোগে এ সেমিনার হয়।সেমিনারে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম অভ্যন্তরীণ উদ্বাস্তু ও শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা। তিনি বলেন, সরকার আদিবাসীদের জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা চালাচ্ছে। জাতীয় বাজেটে আদিবাসী ও বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশেষ উন্নয়ন পরিকল্পনা গ্রহণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদিবাসীবিষয়ক গবেষক কীর্তি নিশান চাকমা। এ ছাড়া বক্তব্য দেন সাংসদ ফজলে হোসেন বাদশা, অধ্যাপক এম এম আকাশ, গৌতম কুমার চাকমা, সঞ্জীব দ্রং, দীপায়ন খীসা প্রমুখ। সভাপতিত্ব করেন কাপেং ফাউন্ডেশনের চেয়ারপারসন রবীন্দ্রনাথ সরেন।সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, আদিবাসীদের নিয়ে রাষ্ট্রের মৌলিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি। তাই জাতীয় বাজেটসহ সব ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছে। বাজেটে সমতলের ভূমিহীন আদিবাসীদের মধ্যে খাসজমি বরাদ্দ দেওয়া দরকার বলে তিনি মতপ্রকাশ করেন।গবেষক কীর্তি নিশান চাকমা বলেন, আদিবাসীরা চরম দরিদ্র। সমাজের কোনো এক গোষ্ঠীকে পেছনে ফেলে কখনো সার্বিক উন্নতি হতে পারে না। বাজেট ঘোষণার প্রাক্কালে সরকারের নীতিনির্ধারকদের আদিবাসীদের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নতির বিষয়টি গভীরভাবে ভেবে দেখতে হবে। বিজ্ঞপ্তি।