জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধন
‘বিতর্কের নির্যাসে ঋদ্ধ হোক প্রতিটি মনন’ এই স্লোগানকে সামনে নিয়ে রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শুরু হয়েছে জাতীয় বিতর্কের আসর। তিন দিনব্যাপী ‘প্রথম আলো-আরডিএস’ সপ্তম জাতীয় বিতর্ক উৎসব-২০১৬ আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
উৎসবের শুরুর দিন শিশুদের ১৮টি দল ও ক্লাব পর্যায়ে (কলেজ-বিশ্ববিদ্যালয়) ৩৫ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দিয়ে বিতর্ক জমিয়ে তোলে। এ দিন সকালে রেমিয়েন্স ডিবেটিং সোসাইটি আয়োজিত জাতীয় এই উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হান্নান।
উদ্বোধনী পর্বে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বইকে নিত্যসঙ্গী করার বিষয়ে উৎসাহ দিয়ে বলেন, বই বিল গেটসের নিত্যসঙ্গী ছিল। বিল গেটস বলেছিলেন, ‘আমার অফিসের টেবিলে থাকবে বই, যখন ট্রেনে উঠি সঙ্গে থাকবে বই, আমি যখন প্লেনে উঠি আমার সঙ্গে থাকবে বই।’ বিতর্ক প্রতিযোগিতা সুন্দর হোক প্রত্যাশা করে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে আনিসুল হক বলেন, ‘কেউ জিতবে কেউ হারবে, তাতে কিচ্ছু যায় আসে না। পরাজয়টাও শিক্ষা।’
রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ মো. আব্দুল হান্নান বলেন, সময়ের প্রয়োজনে আমরা এমন একটি বিস্তৃত জগতে প্রতিনিধিত্ব করছি, যেখানে জ্ঞানচর্চার পাশাপাশি বিতর্ক মেধা ও বুদ্ধিকে শাণিত করে তোলে। আমরা তর্ক করি অন্যায়কে প্রতিহত করতে। যুক্তি দেখাই সত্যকে প্রতিষ্ঠিত করতে। বিতর্কের মূল লক্ষ্য হচ্ছে, আবেগ ও বিশ্বাসের ঘেরাটোপ ছাড়িয়ে সত্যকে যুক্তির আলোয় প্রতিষ্ঠিত করা।
অনুষ্ঠানের আহ্বায়ক রেসিডেনসিয়াল মডেল কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম বলেন, বিতর্ক ঝগড়া বা যুদ্ধ নয়। বিতর্ক মানুষকে ঋদ্ধ করে। এ ধরনের চর্চা শিক্ষার্থীদের আরও সমৃদ্ধ করবে।
উদ্বোধনী পর্বে আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি সাফওয়াত মোনতাসীর সাবিত। এ সময় অনুষ্ঠানের সঞ্চালক সাবেরা সুলতানা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, তিন দিনের এই উৎসবে শিশু বিতর্ক, স্কুলবিতর্ক, ক্লাববিতর্ক ও বারোয়ারি বিতর্ক থাকছে। জাতীয় বিতর্কের এই আসরে ঢাকাসহ দেশের ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। ২৫ আগস্ট শুরু হওয়া উৎসব চলবে ২৭ আগস্ট পর্যন্ত। উৎসবের টাইটেল স্পনসর প্রথম আলো আর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ।