জাতীয় বিদ্যুৎ সপ্তাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে গতকাল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিদ্যুৎ​ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন l ছবি: প্রথম আলো
নীলফামারীতে গতকাল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিদ্যুৎ​ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন l ছবি: প্রথম আলো

নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর ও লালমনিরহাটে গতকাল বুধবার জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: নীলফামারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের আয়োজনে নিজস্ব কার্যালয় চত্বরে সকাল ১০টার দিকে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের সবুজপাড়ায় পিডিবির বিক্রয় ও বিতরণ কার্যালয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। পিডিবির (বিক্রয় ও বিতরণ) নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ সরকার বলেন, গ্রাহকসেবা নিশ্চিতকরণের পাশাপাশি কর্মসূচির মধ্যে রয়েছে বকেয়া বিল আদায়, বকেয়া বিলের গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নকরণ, অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া।
সৈয়দপুর (নীলফামারী): ৭-১০ ডিসেম্বর জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে সৈয়দপুর বিদ্যুৎ বিতরণ কেন্দ্র থেকে শোভাযাত্রা বের করা হয়। ‘নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন’, ‘অবৈধ বিদ্যুৎ ব্যবহার পরিহার করুন’, ‘বিদ্যুতের উন্নয়নে সহযোগিতা করুন’—এসব কথা মাইকে প্রচার করা হয়। পরে সমাবেশ হয়।
বিরামপুর (দিনাজপুর): দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আয়োজনে এ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সকালে বিরামপুর পাইলট স্কুলমাঠে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক কবুতর উড়িয়ে উদ্বোধন করেন। পরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে।
বদরগঞ্জ (রংপুর): রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আয়োজনে গতকাল সকাল ১০টায় স্থানীয় বিদ্যুৎ কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যুৎ কার্যালয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বদরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শওকত হোসেন।
লালমনিরহাট: বিদ্যুৎ বিভাগের জেলা কার্যালয় থেকে গতকাল সকালে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার। জেলা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসনাত জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি ফেরদৌসী বেগম, সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
পাটগ্রাম (লালমনিরহাট): পাটগ্রাম উপজেলায় একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পিডিবি কার্যালয়ে আলোচনা সভা হয়। এতে পিডিবির উপজেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবদুল মতিনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি এম মমিন প্রমুখ।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) আঞ্চলিক কার্যালয়ে শেষ হয়। শোভাযাত্রা শুরুর আগে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা হয়।