জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে ছয়টি নতুন বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ছয়টি নতুন বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাডেমিক কাউন্সিল কলেজ পর্যায়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ, মিউজিক, অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স এবং এভিয়েশন ম্যানেজমেন্ট—এই পাঁচটি বিষয়ে স্নাতক এবং থিয়েটার স্টাডিজে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা চালু এবং এ-সংক্রান্ত নীতিমালা ও সিলেবাস অনুমোদন করে।
উপাচার্য হারুন-অর-রশিদ বলেন, জাতীয় চাহিদা ও উন্নয়ন-ভাবনার সঙ্গে সংগতি রেখে আরও নতুন নতুন বিভাগ চালু করতে হবে, যাতে করে শিক্ষার্থীরা লেখাপড়া শেষে কর্মসংস্থানের পাশাপাশি জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় অটিস্টিক শিক্ষার্থীদের বিশেষ অবস্থা বিবেচনা করে তাদের জন্য পরীক্ষার নির্ধারিত সময়ের অতিরিক্ত আরও সময় বরাদ্দের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মো. নোমান উর রশীদ, মো. আবু বক্কর ছিদ্দিক, মাহফুজা খানম, মশিউর রহমান, ফজলুল হক, মো. আবদুল মতিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান প্রমুখ।